০৯:০৭ পি.এম
সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু ও জাকের আলীর নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল ২৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনোসেন্ট কাইয়া অসাধারণ একটি সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রান যোগ করার পর তিনি ইনিংসটিকে বড় করেন। ১১০ বলে ১০৩ রানের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫টি চার এবং ৬টি ছক্কা। এর পাশাপাশি রায়ান বার্ল ৫০ রান যোগ করলে সফরকারীরা লড়াকু সংগ্রহ পায়।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অভিজ্ঞ পেসার সৈয়দ খালেদ আহমেদ। তিনি ৪৫ রানে ৪ উইকেট শিকার করেন। আব্দুর গাফফার সাকলাইন নেন ৩ উইকেট।
আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি
৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও অমিত হাসান প্রথম উইকেটে ১২২ রানের জুটি গড়ে দলের জয়কে অনেকটাই সহজ করে দেন। দিপু ৫০ বলে ৫৪ রান করে আউট হলেও অমিত হাসান যে ইনিংসের হাল ধরে রেখেছিলেন, তিনি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করে ফিরেছেন। তার ইনিংসে ছিল ৯টি চার।
মাঝে ইয়াসির আলী রাব্বি ২২ রান করলেও সামিউন বশির রাতুল ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপের মধ্যে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নেন জাকের আলী ও মইন খান। ষষ্ঠ উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মইন ৩৬ বলে ৪৩ রান করে আউট হলেও জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৭টি চার মেরে ৭৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
এতে ১২ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দল জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুটি ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে।
আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন