১০:৫৫ পি.এম
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতির ফলে দেশের অবকাঠামো, জ্বালানি এবং প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, এসব প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের ডিএফসির আর্থিক সহায়তা পাওয়ার পথও উন্মুক্ত হয়েছে।
সোমবার, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।
সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সাহায্য করবে।
আরও পড়ুন: দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করতে হবে: হুমায়ুন কবির
ডিএফসির মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর বড় সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও বৃদ্ধি পাবে, যা গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়নকে সহজ করবে।
এসব বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বলে সংস্থাটি মনে করে।
ডিএফসি জানায়, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, "ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।"
আরও পড়ুন: সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় ৬ দিন বাড়ল
তিনি আরও বলেন, "গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব।" একইসঙ্গে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, "পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন।" এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই দেশেরই সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
ডিএফসি আরও জানায়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে ডিএফসি। পাশাপাশি, বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
আরও পড়ুন: রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন