ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এলডিসি উত্তরণে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী


এলডিসি উত্তরণে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন ও টেকসই করতে সরকার জাতীয় রোডম্যাপ, আর্থিক সংস্কার এবং বিকল্প অর্থায়ন কৌশলসহ সমন্বিত নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, জাতীয় রোডম্যাপ ও সংশোধিত মসৃণ উত্তরণ কৌশল সঠিকভাবে বাস্তবায়ন করা হলে, বিকল্প অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের এলডিসি উত্তরণকে নির্বিঘ্ন ও টেকসই করা সম্ভব হবে।

আরও পড়ুন: মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুর ও রাজশাহী এলাকায়

জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন এ নোটিশ উত্থাপন করেন।

অর্থমন্ত্রী জানান, জাতিসংঘের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা ছিল।

তবে কোভিড-১৯ মহামারির পরবর্তী অর্থনৈতিক চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে দেশের সংস্কার কার্যক্রম ও উত্তরণের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।

এ পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে প্রস্তুতিমূলক সময় বাড়ানোর আহ্বান জানায়।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘ ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) কাছে একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন তৈরির অনুরোধ জানায়। বাংলাদেশে উত্তরণের প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদনে প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি এবং উত্তরণ প্রক্রিয়ায় গুরুতর বিঘ্নের বিষয়টি উঠে আসে।

এই মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

অর্থমন্ত্রী বলেন, গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। সে অনুযায়ী, বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে উত্তরণ ঘটাবে।

এলডিসি উত্তরণকে গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ উত্তরণের ফলে বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যেসব বিশেষ সহায়তা ও সুবিধা পেয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে হারাবে। ফলে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণের জাতীয় রোডম্যাপ (২০২৬-২০২৯)’ প্রণয়ন করেছে।

এ রোডম্যাপে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকার, উৎপাদনশীলতা ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা এবং সুশাসন ও অংশীদারিত্বসহ অর্থনৈতিক রূপান্তরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ চিহ্নিত করা হয়েছে।

রোডম্যাপে ২১টি প্রধান কর্মক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ও সহযোগী সংস্থা এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ১৫টি উচ্চপ্রভাবসম্পন্ন কর্মক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির আধুনিকায়ন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ড (ইএসজি), শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা।

পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকার আগে প্রণীত মসৃণ উত্তরণ কৌশলও সংশোধন করছে।

আরও পড়ুন: সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধিতে সিগন্যালস কোরকে সেনাপ্রধানের আহ্বান

অর্থমন্ত্রী বলেন, কার্যকর বাস্তবায়ন ও সমন্বয় নিশ্চিত করতে তার নেতৃত্বে জাতীয় উত্তরণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং নীতিগত দিকনির্দেশনা দেবে। কমিটির প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা রয়েছে। ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করছে।

উন্নয়ন অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে হারাবে এবং ঋণের ব্যয় বেড়ে যাবে।

এ পরিস্থিতি মোকাবিলায় উত্তরণ-পরবর্তী সময়ে উন্নয়ন অর্থায়ন অব্যাহত রাখতে সরকার দেশের সরকারি অর্থায়ন কাঠামো পুনর্গঠন করছে। এর লক্ষ্য অর্থায়নের উৎস বহুমুখীকরণ।

আরও পড়ুন: চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ বাজেট ঘাটতি নির্ধারণ করেছে। রাজস্ব আহরণ বাড়ানো এবং সতর্ক ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

সরকার মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করছে এবং নিয়মিত ঋণের স্থায়িত্ব বিশ্লেষণ করছে, যাতে দেশের ঋণঝুঁকির অবস্থান মাঝারি থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়।

এ ছাড়া বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে সরকারি ঋণ গ্রহণ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব, সহজ শর্তে বৈদেশিক অর্থায়ন এবং বাজারভিত্তিক আর্থিক উপকরণের সমন্বয়ে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক অর্থায়নের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাবনা পর্যালোচনা করছে সরকার। এ ক্ষেত্রে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন: সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হচ্ছে

ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারকে গড়ে তুলতে চায় সরকার।

এ লক্ষ্যে করপোরেট বন্ডের বাজার সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল বন্ড চালু এবং দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি প্রকল্পে বন্ড, সুকুক ও অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি পেনশন তহবিল, বীমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, সরাসরি ঋণের দায় সৃষ্টি না করে আন্তর্জাতিক ইকুইটি বিনিয়োগ আকৃষ্ট করতে হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুলতানা জেসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনমিতিক পরিবর্তন ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় সরকার শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ বরাদ্দ করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে। সরকার এ লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক পরিবেশের উপযোগী জনশক্তি গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতির ফলে দেশের অবকাঠামো, জ্বালানি এবং প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, এসব প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের ডিএফসির আর্থিক সহায়তা পাওয়ার পথও উন্মুক্ত হয়েছে।

সোমবার, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।

সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সাহায্য করবে।

ডিএফসির মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর বড় সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও বৃদ্ধি পাবে, যা গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়নকে সহজ করবে।

এসব বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বলে সংস্থাটি মনে করে।

ডিএফসি জানায়, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, "ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।"

তিনি আরও বলেন, "গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব।" একইসঙ্গে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, "পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন।" এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই দেশেরই সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

ডিএফসি আরও জানায়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে ডিএফসি। পাশাপাশি, বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের একটি অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক এবং সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন।

রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।

আগামীকাল মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বাণীতে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি জানান, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে মওলানা ভাসানী সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার একটি উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমাগত শক্তি সঞ্চয় করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও ঘনীভূত হচ্ছে।

যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বজায় রাখা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।

আজ সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%