০৭:২৬ এম
মাঠ ও চায়ের দোকান ছাড়া ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বর্তমানে রাজবাড়ীর আদালত পাড়ায়। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের বাড়তি উৎসাহ দিতে অর্ধেক ফি নিয়ে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিল সমর্থিত গোলাম মোস্তফা নামের এক আইনজীবী। তার এই ঘোষণায় ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।
গোলাম মোস্তফা রাজবাড়ী জেলা বারের সদস্য এবং জেলার বালিয়াকান্দির নারুয়ার শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মাহফুজুর রহমান, জিয়াউর রহমান ও নাজমুল হুদাসহ একাধিক ব্রাজিল সমর্থক বলেন, যারা ব্রাজিল দলকে ভালোবাসেন তারা ছাড় দিতে জানেন। এর প্রমাণ আইনজীবী গোলাম মোস্তফা। তবে আমাদের দলের খেলোয়াড়রা খেলার মাঠে কোন ছাড় দেন না। এবার চ্যাম্পিয়ন হয়ে সেটা আবারও প্রমাণ করবে। তবে একটি দল আছে, যার সমর্থকদের আওয়াজ বেশি কিন্তু বাস্তবে ভিন্ন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন পরিসংখ্যানেই সেটার প্রমাণ।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
আইনজীবী গোলাম মোস্তফা বলেন, ‘ফুটবল আমার প্রিয় খেলা। আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। জ্ঞান হওয়ার পর প্লে, রোনাল্দো, রোনালদিনহোসহ ব্রাজিলের অন্যান্য খেলোয়াড়দের নাম শুনে এবং তাদের খেলায় মুগ্ধ হয়ে ১৯৯৮ সাল থেকে ব্রাজিল সমর্থন করে আসছি। ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে যা আছে তা অন্য দলের খেলোয়াড়দের মধ্যে নেই। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে বলে আশা করছি। আর আমি যেহেতু আইনজীবী, তাই ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা চলা পর্যন্ত আমার কাছে প্রিয় দলের সমর্থক কোন মক্কেল এলে তাদের কাছ থেকে অর্ধেক ফি নিয়ে আইনি সহায়তা দেব।’
মক্কেল ব্রাজিলের সমর্থক কি না, তা কিভাবে নিশ্চিত হবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রাজিল দলকে মন থেকে ভালোবাসি। তাই দলের সমর্থকের বাড়তি উৎসাহ দিতে এ ঘোষণা দিয়েছি। আর কে কোন দলের সমর্থক তা তার কথা শুনলেই বোঝা যায়। ফলে যে বুঝে আইনি সহায়তা দেব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন