০৮:০৫ পি.এম
গাজীপুর মহানগরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিল থেকে পুলিশের প্রতি হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (২১ জুন) রাতে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সামসুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এজাহার থেকে জানা যায়, রবিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন থানার কলাম্বিয়া গার্মেন্টসের সামনে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিল বের করেন। তবে, পুলিশের উপস্থিতি অনুভব করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড
এছাড়াও, এজাহারে উল্লেখ করা হয়, তারা পালিয়ে যাওয়ার আগে মিছিল থেকে ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না’ বলে পুলিশের ওপর বাধা ও হত্যার হুমকি দিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘মামলা দায়েরের পর বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও পশ্চিম, পূবাইল, কোনাবাড়ী এবং কাশিমপুরসহ বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন