প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:৪৪ এম || প্রকাশের তারিখঃ ২২শে জুন, ২০২৬ইং; ০৮:১৪ পি.এম
শব্দদূষণের দায়ে কুড়িগ্রামে ৫ চালক-কে জরিমানা, ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ
কুড়িগ্রাম সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে সাতটি অবৈধ হাইড্রোলিক হর্ন।
সোমবার (২২ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধান লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে অধিক শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী পাঁচটি পৃথক মামলায় পাঁচজন চালকের বিরুদ্ধে মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"