০৩:৩১ এম
বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফিফা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজনের জন্য সহ-আয়োজক স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক ও ক্রীড়া-রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এর পাশাপাশি এই বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল নিজেদের দেশে আয়োজনের দাবি জোরালোভাবে তুলেছে স্পেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, আন্তর্জাতিক মাপের বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার কারণে ফাইনাল স্পেনেই হওয়া উচিত।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ: নর্থ সাউথ-ড্যাফোডিলের সমতায় বিরতি
স্পেনের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং বার্সেলোনার ক্যাম্প ন্যু। সংস্কারের পর বার্নাব্যুর দর্শক ধারণক্ষমতা হচ্ছে ৮৩ হাজার, অন্যদিকে নির্মাণাধীন ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা বাড়িয়ে ১ লাখ ৫ হাজারে উন্নীত করা হবে।
অন্যদিকে মরক্কোও ফাইনাল আয়োজনের জন্য বড় প্রস্তুতি গ্রহণ করছে। কাসাব্লাঙ্কার বাইরে নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়ামে থাকবে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই স্টেডিয়াম বিশ্বে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে, এবং আগামী বছরের শেষের দিকে এটি সম্পন্ন হওয়ার কথা।
মরক্কো প্রকাশ্যে সতর্ক অবস্থান নিলেও নেপথ্যে তারা বিরতিহীনভাবে সক্রিয় রয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা বলেছেন, ফাইনালের ভেন্যু নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি তিন আয়োজক দেশ ও ফিফার আলোচনার ভিত্তিতে স্থির হবে।
তবে আফ্রিকান ফুটবলের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কাসাব্লাঙ্কায় বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিশ্চিত করতে মরক্কো ইতোমধ্যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। যদি ফাইনাল কাসাব্লাঙ্কায় হয়, তবে এটি হবে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পর দ্বিতীয়বারের মত আফ্রিকার কোনো শহর বিশ্বকাপের ফাইনাল আয়োজন করছে। অন্যদিকে, স্পেনের মাটিতে সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৯৮২ সালে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি।
আরও পড়ুন: এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন