০৪:৪৬ পি.এম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেছেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে, এটি কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সাংবাদিকতার কাজ শুধুমাত্র তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, বরং সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, যখন উদ্ঘাটিত সত্যটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
তিনি আরও বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যদি জবাবদিহি নিশ্চিত না হয় এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাবিহীন হয়ে পড়ে।
আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা : প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন