মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
০৩:৫০ পি.এম
ময়মনসিংহের গৌরীপুরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।
রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়কের দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গৌরীপুর থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানান, রাতের দিকে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের স্থানীয় বয়রা বাজারে যান আব্দুল বারেক। বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
স্বজনদের দাবি, ঘটনার কিছুক্ষণ পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে একজন অজ্ঞাত ব্যক্তি বলেন, “আমরা তোমার বাবাকে মারতে চাইনি।” খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা আরও জানান, মৃত্যুর আগে আব্দুল বারেক তাদের কাছে স্থানীয় কয়েকজন যুবকের নাম উল্লেখ করে জানান, তারাই তাকে ছুরিকাঘাত করেছে।
নিহতের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবার পথরোধ করা হয়েছিল। তবে তিনি হামলাকারীদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।”
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব ) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ (৫ জুলাই) থেকে পরবর্তী তিন (৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে এক নবজাতক (কন্যাশিশু) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালের দিকে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছে জানা যায়, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। এই বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানা গেছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কে বা কারা বাচ্চাটিকে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানার জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। তিনি তার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান।
৭৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ চলতি বছরের এপ্রিলে স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার দায়িত্ব গ্রহণ করেছিলেন। মার্চ মাসের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোকে সরিয়ে তাকে নিয়োগ দেয় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। কুইরোজের অধীনে দলটি বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত অগ্রসর হয়, তবে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ঘানা।
বিদায়ী বার্তায় কুইরোজ বলেন, 'জীবন ও ফুটবল আমাদের শেখায়। হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। আমি গর্ব নিয়ে এই অধ্যায় শেষ করছি, তবে কিছু অপূর্ণতা থেকে গেছে যা আরও বড় কিছু অর্জনের প্রেরণা জোগায়।'
তিনি আরও বলেন, 'ব্ল্যাক স্টারসের ভবিষ্যৎ শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। তরুণ প্রতিভাদের সঠিক পরিবেশ তৈরি করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।'
বিশ্বকাপে কুইরোজের অধীনে ঘানা ২০১০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে পৌঁছায়, যা দেশের ফুটবলে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে হার তাদের যাত্রা থামিয়ে দেয়।
টুর্নামেন্ট চলাকালীন তার চুক্তি দীর্ঘমেয়াদে নবায়নের আলোচনা চললেও শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ কোচ।
বিদায়ী বার্তায় তিনি ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমরা কাঙ্ক্ষিত ফল না পেলেও বিশ্বমঞ্চে ঘানার সম্মান ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পেরেছি।'
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল কুইরোজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৬৫তম ম্যাচ, যেখানে তিনি ১৪২টি জয় পেয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী কোচদের একজন তিনি।
এদিকে কুইরোজের বিদায়ের পর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের আগে নতুন কোচ খুঁজতে হবে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার (৬ জুলাই) সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। এটি জানিয়েছে বার্তা সংস্থা আইএসএনএ।
আগের দিন রোববার (৫ জুলাই) সারা দেশে স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল অবিচল ছিল। তবে সোমবার, রাজধানী তেহরানে মূল জানাজা ও শেষযাত্রা অনুষ্ঠিত হওয়ার সময় শহরের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা কর্তৃক ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার রাজধানীতে জনসাধারণের অংশগ্রহণে আনুষ্ঠানিকতা চলাকালীন, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে। কিন্তু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধই থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষ্যে সম্পূর্ণরূপে স্থগিত রাখা হবে।
৭ ও ৮ জুলাই দেশের বাকি অংশে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদে এই বিধিনিষেধ কার্যকর হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর ফলে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হয় এবং পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
এর আগে শুক্রবার খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় ওই অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধিদল প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান।
সরকারি সূচি অনুযায়ী, জনসাধারণের বিদায় অনুষ্ঠানের পর সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) জানাজার আনুষ্ঠানিকতা কুম শহরে অনুষ্ঠিত হবে।
পরদিন বুধবার (৮ জুলাই) ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন, এরপর সেটি প্রধান শিয়া পবিত্র স্থাপনাগুলোতে নিয়ে যাওয়া হবে।
চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম রেজা মাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ইরানের অন্যতম প্রধান শিয়া পবিত্র স্থান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ