ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবির প্রক্টর পদে নিয়োগ পেলেন ড. মনির মোর্শেদ


মাভাবিপ্রবির প্রক্টর পদে নিয়োগ পেলেন ড. মনির মোর্শেদ

টাঙ্গাইল ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব ) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ (৫ জুলাই) থেকে পরবর্তী তিন (৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীরে স্যালাইন লাগানো অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শরীরে স্যালাইন লাগানো অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে এক নবজাতক (কন্যাশিশু) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালের দিকে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছে জানা যায়, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। এই বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানা গেছে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কে বা কারা বাচ্চাটিকে ফেলে রেখে গেছে সেটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানার কোচের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানার কোচের পদত্যাগ

ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘানার জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। তিনি তার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান।

৭৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ চলতি বছরের এপ্রিলে স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার দায়িত্ব গ্রহণ করেছিলেন। মার্চ মাসের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোকে সরিয়ে তাকে নিয়োগ দেয় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। কুইরোজের অধীনে দলটি বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত অগ্রসর হয়, তবে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ঘানা।

বিদায়ী বার্তায় কুইরোজ বলেন, 'জীবন ও ফুটবল আমাদের শেখায়। হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। আমি গর্ব নিয়ে এই অধ্যায় শেষ করছি, তবে কিছু অপূর্ণতা থেকে গেছে যা আরও বড় কিছু অর্জনের প্রেরণা জোগায়।'

তিনি আরও বলেন, 'ব্ল্যাক স্টারসের ভবিষ্যৎ শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। তরুণ প্রতিভাদের সঠিক পরিবেশ তৈরি করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।'

বিশ্বকাপে কুইরোজের অধীনে ঘানা ২০১০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে পৌঁছায়, যা দেশের ফুটবলে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে হার তাদের যাত্রা থামিয়ে দেয়।

টুর্নামেন্ট চলাকালীন তার চুক্তি দীর্ঘমেয়াদে নবায়নের আলোচনা চললেও শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ কোচ।

বিদায়ী বার্তায় তিনি ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমরা কাঙ্ক্ষিত ফল না পেলেও বিশ্বমঞ্চে ঘানার সম্মান ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে পেরেছি।'

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল কুইরোজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৬৫তম ম্যাচ, যেখানে তিনি ১৪২টি জয় পেয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনাকারী কোচদের একজন তিনি।

এদিকে কুইরোজের বিদায়ের পর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের আগে নতুন কোচ খুঁজতে হবে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


তেহরানের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার (৬ জুলাই) সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। এটি জানিয়েছে বার্তা সংস্থা আইএসএনএ।

আগের দিন রোববার (৫ জুলাই) সারা দেশে স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল অবিচল ছিল। তবে সোমবার, রাজধানী তেহরানে মূল জানাজা ও শেষযাত্রা অনুষ্ঠিত হওয়ার সময় শহরের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা কর্তৃক ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার রাজধানীতে জনসাধারণের অংশগ্রহণে আনুষ্ঠানিকতা চলাকালীন, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে। কিন্তু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধই থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রমও চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষ্যে সম্পূর্ণরূপে স্থগিত রাখা হবে।

৭ ও ৮ জুলাই দেশের বাকি অংশে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদে এই বিধিনিষেধ কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর ফলে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হয় এবং পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

এর আগে শুক্রবার খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় ওই অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধিদল প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি সূচি অনুযায়ী, জনসাধারণের বিদায় অনুষ্ঠানের পর সোমবার তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) জানাজার আনুষ্ঠানিকতা কুম শহরে অনুষ্ঠিত হবে।

পরদিন বুধবার (৮ জুলাই) ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন, এরপর সেটি প্রধান শিয়া পবিত্র স্থাপনাগুলোতে নিয়ে যাওয়া হবে।

চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ জুলাই) ইমাম রেজা মাজারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ইরানের অন্যতম প্রধান শিয়া পবিত্র স্থান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, অক্টোবরে শুরু ইউপি ও পৌরসভা ভোট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, অক্টোবরে শুরু ইউপি ও পৌরসভা ভোট

নির্বাচন কমিশন (ইসি) আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে এক থেকে দেড় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।

রাজধানীর নির্বাচন ভবনে বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আরো উল্লেখ করেন, পর্যায়ক্রমে সকল স্থানীয় সরকারের নির্বাচনের কাজ সম্পন্ন করতে প্রায় এক বছরের মতো সময় লাগতে পারে।

রহমানেল মাছউদ বলেন, বর্তমানে স্থানীয় সরকারগুলোর প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে এসব নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। কমিশন ইতোমধ্যে অক্টোবর মাসের দিকে ইঙ্গিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

তিনি আরও বলেন, কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত এখনও হয়নি। তবে বাস্তবতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করে প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। উপজেলা পরিষদ গঠনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের গুরুত্ব রয়েছে। তাই তিনি জানান, এ দুটি নির্বাচন আগে সম্পন্ন করে পরবর্তী সময়ে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণের জন্য বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এতে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়গুলো পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, এখনও এ বিষয়ে সরকারের সঙ্গে কোন আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও কমিশনের কাছে কোনো চিঠি আসেনি। তবে কমিশন নিজস্ব উদ্যোগে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সরকারি যোগাযোগ শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদী।

সবধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে কত সময় লাগবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে প্রায় এক বছরের সময় লাগতে পারে।

এই নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন, বিধিমালা এবং আচরণবিধির সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছ থেকেও মতামত আহ্বান করা হয়েছে। প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করা হবে।

তিনি বলেন, সংশোধিত বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকবে না। জাতীয় নির্বাচনের মতো পোস্টার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে- এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ জানান, প্রায় সাড়ে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, প্রাথমিকভাবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্যদের দায়িত্বে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অঞ্চলভিত্তিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তী ধাপের নিরাপত্তা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে রহমানেল মাছউদ বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনে সেই মান বজায় রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে এবং এর জন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং ভোটারদের সহযোগিতা প্রয়োজন হবে।

তিনি আরো বলেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলনামূলক বেশি সংঘাত ও সহিংসতা দেখা গেছে। কারণ এসব নির্বাচন প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার কারণে অনুষ্ঠিত হয়। কমিশন এবার সহিংসতা কমিয়ে এনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংসদে বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%