ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, অক্টোবরে শুরু ইউপি ও পৌরসভা ভোট


স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, অক্টোবরে শুরু ইউপি ও পৌরসভা ভোট

নির্বাচন কমিশন (ইসি) আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে এক থেকে দেড় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।

রাজধানীর নির্বাচন ভবনে বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আরো উল্লেখ করেন, পর্যায়ক্রমে সকল স্থানীয় সরকারের নির্বাচনের কাজ সম্পন্ন করতে প্রায় এক বছরের মতো সময় লাগতে পারে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

রহমানেল মাছউদ বলেন, বর্তমানে স্থানীয় সরকারগুলোর প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে এসব নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। কমিশন ইতোমধ্যে অক্টোবর মাসের দিকে ইঙ্গিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

তিনি আরও বলেন, কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত এখনও হয়নি। তবে বাস্তবতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করে প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। উপজেলা পরিষদ গঠনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের গুরুত্ব রয়েছে। তাই তিনি জানান, এ দুটি নির্বাচন আগে সম্পন্ন করে পরবর্তী সময়ে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণের জন্য বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এতে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়গুলো পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, এখনও এ বিষয়ে সরকারের সঙ্গে কোন আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও কমিশনের কাছে কোনো চিঠি আসেনি। তবে কমিশন নিজস্ব উদ্যোগে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সরকারি যোগাযোগ শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদী।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সবধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে কত সময় লাগবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে প্রায় এক বছরের সময় লাগতে পারে।

এই নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আইন, বিধিমালা এবং আচরণবিধির সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছ থেকেও মতামত আহ্বান করা হয়েছে। প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করা হবে।

তিনি বলেন, সংশোধিত বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকবে না। জাতীয় নির্বাচনের মতো পোস্টার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে- এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ জানান, প্রায় সাড়ে ৪ হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, প্রাথমিকভাবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্যদের দায়িত্বে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অঞ্চলভিত্তিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তী ধাপের নিরাপত্তা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে রহমানেল মাছউদ বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনে সেই মান বজায় রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে এবং এর জন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং ভোটারদের সহযোগিতা প্রয়োজন হবে।

তিনি আরো বলেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলনামূলক বেশি সংঘাত ও সহিংসতা দেখা গেছে। কারণ এসব নির্বাচন প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার কারণে অনুষ্ঠিত হয়। কমিশন এবার সহিংসতা কমিয়ে এনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংসদে বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ সংকটের মধ্যেই বাব আল-মান্দাব ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


হরমুজ সংকটের মধ্যেই বাব আল-মান্দাব ঘিরে উত্তেজনা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মাধ্যমে ইরানের গতিবিধির মধ্যেই লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা সমুদ্রপথ বাব আল-মান্দাব ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন করে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ঝুঁকিতে রয়েছে।

যদি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ ও আকাশপথের অবরোধ প্রত্যাহার না করা হয়, তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে রিয়াদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেন।

ইয়েমেন, যখন আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের ‘মাহান এয়ার’-এর দ্বিতীয় বেসামরিক ফ্লাইটটির অপেক্ষায় রয়েছে, তখন বিভিন্ন গণমাধ্যম নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, রিয়াদকে চাপে ফেলতে ‘আনসারুল্লাহ’ আন্দোলন বাব আল-মানদাবের ওপর নিজেদের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর বিষয়টি ভাবছে।

সূত্রগুলো জানাচ্ছে, ইয়েমেনের বন্দরগুলোতে সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত সকল বিধিনিষেধ প্রত্যাহারের জন্য দেশটি জাতিসংঘ ও সৌদি আরবকে একটি সময়সীমা বেঁধে দিয়েছে। সৌদি আরব যদি এই সতর্কবার্তা উপেক্ষা করে, তাহলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীতে সৌদি জাহাজ চলাচল বন্ধ করে দেবে।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ ফ্লাইট পুনরায় চালুর নতুন ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই পরিকল্পনায় নতুন গন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে। আল-শায়েফ সানা ও তেহরানের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর কথা সমর্থন করে তিনি জোর দিয়ে বলেছেন, এই কার্যক্রম সম্পূর্ণ বৈধ।

এদিকে রিয়াদ উত্তেজনা আরও বাড়িয়েছে। সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেছেন, সৌদি ভূখণ্ডকে লক্ষ্য করে চালানো যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এর জবাবে আনসারুল্লাহ আবারও হুমকি দিয়েছে, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ অবসানে বাধ্য করতে তারা ‘বাব আল-মানদাব কার্ড’ (প্রণালী বন্ধের কৌশল) ব্যবহার করবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত শুক্রবার জানিয়েছে, তারা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানা বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার সৌদি প্রচেষ্টাকে সফলভাবে সফলভাবে নস্যাৎ করেছে। ইয়েমেন পক্ষ নিশ্চিত করেছে, ইরানি বিমানটি সফলভাবে অবতরণ করে, যাত্রীদের নামিয়ে দেয় এবং নতুন যাত্রী তালিকা নিয়ে তেহরানে ফিরে যায়।

দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী জালাল আল-রোয়েইশান সৌদি জোটের সতর্কবার্তার সরাসরি জবাব দিয়ে সৌদি ও মার্কিন ‘দাদাগিরি’ বা আধিপত্যবাদী আচরণের অবসানের অঙ্গীকার করেছেন। আল-রোয়েইশান ঘোষণা করেন, ইয়েমেন তার সামুদ্রিক ও আকাশপথের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ ভাঙবে এবং যেকোনো জরুরি পরিস্থিতির জন্য সানার যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলেও জানান।

এছাড়াও আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ আল-নুআইমি সতর্ক করে বলেন, সৌদি আরব হয়তো ইয়েমেনের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তারা সেই যুদ্ধ থামাতে পারবে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সূত্র: ইরানা নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অশ্রুসিক্ত বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অশ্রুসিক্ত বিদায়

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে। ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক গুইলেরমো ওচোয়া, যা মেক্সিকো ফুটবলের একটি দীর্ঘ ও সোনালি অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হয়।

৪০ বছর বয়সী ওচোয়া আগেই অবশ্য ঘোষণা করেছিলেন যে এই বিশ্বকাপের পরই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচই হয়ে রইল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়। মাঠে ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর সতীর্থ ও সমর্থকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি গোলরক্ষক।

২০০৬ সালের বিশ্বকাপ দলে থাকা সত্ত্বেও মাঠে নামার সুযোগ না পেলেও পরবর্তীতে মেক্সিকোর এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওচোয়া। দীর্ঘ সময় ধরে টানা ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে তিনি একটি অনন্য রেকর্ড গড়েছেন। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্স তাকে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি এনে দেয়।

অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘরের মাঠে এই ম্যাচে শুরুতে ভালো করে মেক্সিকো। তবে জুড বেলিংহ্যামের দুই গোলের পর ইংল্যান্ড এগিয়ে যায়। প্রথমার্ধে হুলিয়ান কিনিওনেস একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ১০ জনের দলে চলে গেলেও হ্যারি কেনের পেনাল্টি গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয়। শেষ দিকে রাউল হিমেনেজের পেনাল্টি গোলে ব্যবধান ৩-২ হলেও মেক্সিকো সমতা ফেরাতে ব্যর্থ হয়।

৮০ হাজারের বেশি দর্শকের সামনে ঘরের মাঠে বিদায় নেওয়ার কারণে এই হার মেক্সিকোর জন্য আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। এটি বিশ্বকাপ ইতিহাসে অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর প্রথম পরাজয় হিসেবেও নতুন করে যুক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্বামী বারবার বাঁচার জন্য কাকুতি করছিলেন, আমি অসহায় ছিলাম’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


‘স্বামী বারবার বাঁচার জন্য কাকুতি করছিলেন, আমি অসহায় ছিলাম’

কক্সবাজারের উখিয়া ও জেলা সদরে টানা ভারী বর্ষণের ফলে একরাতেই পৃথক পাহাড় ধসের ঘটনায় ৮ রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ধ্বংসযজ্ঞের পরিস্থিতির মাঝে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়েছে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায়। সেখানে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলী আকবর (৫০) নামে এক ব্যক্তি। অলৌকিকভাবে বেঁচে ফেরা তার স্ত্রী জোৎস্না বেগমের এখন আকুতি সদর হাসপাতালের বাতাসকে ভারি করে তুলছে।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে জোৎস্না কান্নায় ভেঙে পড়েন। সেদিনের বিভীষিকাময় রাতের চিত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'রাতে আমরা স্বামী, ছেলে ও আমি একসঙ্গে রাতের খাবার খেয়ে খাটে ঘুমিয়ে ছিলাম।' হঠাৎ গভীর রাতে পাহাড়ের একটি অংশ ধসে ঘরের ওপর পড়লে, মুহূর্তেই আমরা মাটির নিচে চাপা পড়ে যাই।

তিনি আরও বলেন, 'ভাগ্যক্রমে আমি ও আমার ছেলে কোনোমতে বের হয়ে আসতে পারলেও আমার স্বামী মাটির নিচে আটকা পড়ে যান। তখন তিনি বাঁচার জন্য বারবার আকুতি জানাচ্ছিলেন।' স্থানীয় লোকজন মাটি খুঁড়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন।

শহরের এই ট্র্যাজেডির পাশাপাশি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও একই রকম অন্ধকার নেমে এসেছে। উখিয়ার ক্যাম্প ১১, সি-১১ ব্লকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আমান উল্লাহর পরিবারের ৭ সদস্য। ভারী বৃষ্টিপাতের এক পর্যায়ে পাহাড় ধসে মাটিচাপা পড়ে ৫ জন। তাদের মধ্যে ৪ জন মারা যান।

সেই বিভীষিকা থেকে বেঁচে ফেরা আমান উল্লাহ জানান, রাতে আমাদের পরিবারের সাতজন সদস্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে পাহাড় ধসে পুরো ঘর মাটিচাপা পড়ে যায়। এতে আমি ও আমার আরেক ভাই কোনোমতে প্রাণে বেঁচে যাই, কিন্তু পরিবারের বাকি পাঁচজন মাটির নিচে চাপা পড়েন। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। মাটি খুঁড়ে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে, উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, রাত ২টার দিকে ক্যাম্প ১৫ জামতলীতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের ৫ সদস্য। ৩ ঘণ্টার চেষ্টা শেষে মাটি খুঁড়ে তাঁদের উদ্ধার করা হলেও স্বামী-স্ত্রী ও সন্তানকে বাঁচানো যায়নি। অপর ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। রাত দুইটার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের ক্যাম্প-৭-এ পাহাড়ধসে মো. একরাম (৭) নামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু ঘটেছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা বলেন, 'আমরা খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযানে নেমেছি।' বিভাগীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সচেতনতামূলক কার্যক্রম ও মাইকিং আগে থেকেই চলমান ছিল এবং তা এখনও অব্যাহত রয়েছে।

উখিয়াস্থ ৮ এপিবিএনের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহমেদ জানান, অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিংসহ নানামুখী তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও ফায়ার সার্ভিস। তবে স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছেন না।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৬৭ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কিছুদিনও এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ধসের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া, ২০১৭ সালে বনাঞ্চল উজাড় করে তৈরি করা ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের প্রায় ১২ লাখ বাসিন্দার মধ্যে অন্তত ১ লাখ রোহিঙ্গা বর্তমানে তীব্র ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সবাইকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক বাদ যাবে না বলে জানা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই।

সোমবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজনকৃত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় এবং অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি সেবা নিতে আসতে ব্যক্তিদের নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব সমস্ত দিক থেকে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জনগণকে এর আওতায় আনতে হবে। ইনক্লুসিভনেস শুধু অর্থনীতিতে হলেও হবে না, সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ বিষয়টি নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী যোগ করতে থাকেন, ‘অনেক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব। এটি সেবাগ্রহীতাদের জানানোর ব্যবস্থা করতে হবে। জনগণের দোরগোড়ায় প্রত্যেকটি সেবা পৌঁছে দিতে হবে। ঘরে বসে গ্রাহকের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা গেলে সময়, অর্থসহ অনেক কিছু সাশ্রয় হবে। শুধুমাত্র প্রজেক্ট করলে হবে না, সে সম্পর্কে জনগণকে জানানোর উদ্যোগও নিতে হবে।’

এদিন আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহক সেবা সহজ করার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ২৫টি দপ্তর ও সংস্থা ৫০টি উদ্ভাবন প্রদর্শন করেছে। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত ৩২৯টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এবারের ইনোভেশন শোকেসিংয়ে ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ৫টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কারের জন্য নির্বাচিত হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে জনতা ব্যাংক পিএলসি, বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবং অন্যান্য ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%