০৭:৩৭ পি.এম
কৃষকের বাগানে ছিল পাকা ও কাঁচা পেঁপের ভরা গাছ। কৃষক সাদেক মিয়া ভালো ফলনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কাস্তে হাতে বাগানে প্রবেশ করে একের পর এক পেঁপে কেটে মাটিতে ফেলে দেয়। কোনো পেঁপে তারা নেয়নি, গাছও নেয়নি—শুধু নষ্ট করে ফেলেছে প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে। একইসঙ্গে, বীজ সংরক্ষণের জন্য রাখা ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টি নিয়ে গেছে। এর ফলে কৃষক সাদেক মিয়া এক রাতেই প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাতে ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনে ধলেশ্বরী নদীর উত্তরপাড়ে এই ঘটনা ঘটে। সাদেক মিয়ার ৩০ শতাংশ জমির বাগানে প্রায় ২৭০টি পেঁপেগাছ ছিল। সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, গাছের পেঁপে কাস্তে দিয়ে কেটে ও হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। বাগানের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাঁচা পেঁপে। কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, বীজ সংরক্ষণের জন্য রাখা ছয় কেজি ওজনের ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টি নেই।
কৃষক সাদেক মিয়া বলেন, "দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগে গড়ে তোলা বাগান থেকে এবার ভালো ফলনের আশা করেছিলেন। কিন্তু এক রাতেই দুর্বৃত্তরা তাঁর সব আশা শেষ করে দিয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা তাঁর জন্য কঠিন।" তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঘটনার খবর পেয়ে বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন অসুস্থ থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে তিনি মুঠোফোনে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, "অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা ও লবণ দেওয়া হয়েছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, "অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, কৃষকের ফসল নষ্টের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন