মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১২ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এস্কেভেটর ব্যবহার করে সুলতানা বেগম নামের এক নারীর বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টার ঘটনায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্দেশ্যে বলেন, রাত ৪টার পর এমন একটি ঘটনা ঘটে, কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। একটি ভেকু মেশিন নিয়ে শত শত লোকের উপস্থিতিতে এতো বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি বারবার নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করা প্রয়োজন।
এ সময় মামুন মাহমুদ ঘটনাটিকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেন এবং তীব্র নিন্দা জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত ভোর রাত ৪টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মোসা. সুলতানা বেগমের বাড়িঘর এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে রাস্তায় অবস্থান নেন এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি করেন।
ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করেন, পৈতৃক ও ক্রয়কৃত ১২ শতাংশ জমিতে তিনি ও তার পরিবার দীর্ঘ চার দশক ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।
তিনি জানান, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম, সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
বাড়িঘর ভাঙচুরের বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন সময় সংবাদকে বলেন, রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে যারা এই অন্যায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন যে, পুরোনো ফ্যাসিবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব চিরকাল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করার জন্য হয়েছে। এটি জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়।
মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। তিনি অভিযোগ করেন, তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি; বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে। তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। গণহত্যার আসামি হিসেবে তাঁকে দেশে এনে আদালতের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
মামুনুল হক উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের আওতার বাইরে রাখার সুযোগ নেই।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসুক—আমরাও চাই। তবে তিনি আসবেন বন্দি বেশে, গণহত্যার বিচারের মুখোমুখি হতে।’ তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে শাপলা চত্বর, পিলখানা, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে আত্মমর্যাদা ও সমমর্যাদার ভিত্তিতে। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে উসকানি দেওয়ার পদক্ষেপ জনগণ মেনে নেবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।
মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে এবং পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।
মন্ত্রী মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।
মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতরণ করবেন, যা কুষ্টিয়াবাসীর জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
এর আগে দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কুষ্টিয়া সফর করেন। প্রধানমন্ত্রীর সফরে দুটি খাল খননের উদ্বোধন হবে বলে জানা গেছে। প্রতিমন্ত্রী সেই খালের কয়েকটি স্থান পরিদর্শন করেন।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব সম্পূর্ণরূপে কেটে যাওয়ার পর মঙ্গলবার থেকে সারাদেশের আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে দেশজুড়ে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এসব এলাকায় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক মঙ্গলবার রাতে আমার দেশকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সারাদেশের আকাশ পরিষ্কার ছিল। বুধবার রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা কিছুটা কমতির দিকে থাকতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।
তবে এবারের শীত তুলনামূলক উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের তুলনায় এবারের রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহ একেবারে হবে না, এমন নয়।
আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের উল্লেখ করে তিনি জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ আঃ রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে সাদুল্লাপুর উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের মধ্য হাট বামুনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় গ্রেপ্তারকৃত মোঃ আঃ রশিদের টিনশেড বসতবাড়ির পূর্বমুখী শয়নকক্ষের তোশকের নিচ থেকে দুই পুঁড়িয়া শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পুকুরপাড়ের ছাপড়া টিনের ঘর থেকে আরও ১ কেজি ৫০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ আঃ রশিদ (৪২), পিতা: মোঃ আঃ রউফ এবং পলাতক আসামি মোঃ মেহেদী হাসান রাহুল (৩৫), পিতা: মোঃ নুরুল ইসলাম, উভয়ের সাং মধ্য হাট বামুনি, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নম্বর: ৩২, তারিখ: ২৪/১১/২০২৬ খ্রি.। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ