মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৪ পি.এম
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব সম্পূর্ণরূপে কেটে যাওয়ার পর মঙ্গলবার থেকে সারাদেশের আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে দেশজুড়ে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় এসব এলাকায় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক মঙ্গলবার রাতে আমার দেশকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সারাদেশের আকাশ পরিষ্কার ছিল। বুধবার রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা কিছুটা কমতির দিকে থাকতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। ডিসেম্বরের শুরুতে সারাদেশে শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।
তবে এবারের শীত তুলনামূলক উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তার মতে, গত ৩০ বছরের তুলনায় এবারের রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও কম হতে পারে। তবে শৈত্যপ্রবাহ একেবারে হবে না, এমন নয়।
আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের পূর্বাভাসের উল্লেখ করে তিনি জানান, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ আঃ রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১টা ৪০ মিনিটের দিকে সাদুল্লাপুর উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের মধ্য হাট বামুনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় গ্রেপ্তারকৃত মোঃ আঃ রশিদের টিনশেড বসতবাড়ির পূর্বমুখী শয়নকক্ষের তোশকের নিচ থেকে দুই পুঁড়িয়া শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পুকুরপাড়ের ছাপড়া টিনের ঘর থেকে আরও ১ কেজি ৫০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ আঃ রশিদ (৪২), পিতা: মোঃ আঃ রউফ এবং পলাতক আসামি মোঃ মেহেদী হাসান রাহুল (৩৫), পিতা: মোঃ নুরুল ইসলাম, উভয়ের সাং মধ্য হাট বামুনি, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নম্বর: ৩২, তারিখ: ২৪/১১/২০২৬ খ্রি.। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযান শেষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ