প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন যে, পুরোনো ফ্যাসিবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব চিরকাল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করার জন্য হয়েছে। এটি জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়।
মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। তিনি অভিযোগ করেন, তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি; বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে। তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। গণহত্যার আসামি হিসেবে তাঁকে দেশে এনে আদালতের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
মামুনুল হক উল্লেখ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের আওতার বাইরে রাখার সুযোগ নেই।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসুক—আমরাও চাই। তবে তিনি আসবেন বন্দি বেশে, গণহত্যার বিচারের মুখোমুখি হতে।’ তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে শাপলা চত্বর, পিলখানা, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে আত্মমর্যাদা ও সমমর্যাদার ভিত্তিতে। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে উসকানি দেওয়ার পদক্ষেপ জনগণ মেনে নেবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।
মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
সমাবেশ শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন