প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা পরিষদ চত্বরে নির্মিতব্য এই দুই তলা ভবনের নির্মাণে নিম্নমানের ইট এবং ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া, নবনির্মিত ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে তা গায়েব করে ফেলার অভিযোগও রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের জলছাদ ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য নিম্নমানের খোয়া নির্মাণসাইটে রাখা হয়েছে। পাশাপাশি, ভবনের চারপাশের গাঁথুনি ও ড্রেন নির্মাণকাজেও শ্রমিকরা নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছেন। কোরিয়ান অর্থায়নে নির্মিত এ ভবনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগের খবর পেয়ে ২৬ নভেম্বর সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তিনি অভিযোগের সত্যতা দেখতে পান এবং সংশ্লিষ্টদের নির্মাণকাজের শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।
ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন ম্যানেজার শিপন মল্লিক বলেন, "নিয়ম অনুযায়ী কাজ হওয়ার কথা। যদি কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।" এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, নির্মাণকাজের দায়িত্বশীলদের অনিয়মের বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, "সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।" এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। তিনি আশা করছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয়রা নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন