ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য


শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করান।

গত ৬ আগস্ট সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে। তারা হলেন-ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম এবং ইয়াসমিন গফুর।

এই নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁরা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

নতুন চার সদস্য নিয়োগের ফলে পিএসসিতে বর্তমানে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার তহবিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


নতুন উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার তহবিল

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এই তহবিলের আওতায় তরুণ উদ্যোক্তাদের কম সুদে ঋণ প্রদান করা হবে। উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলার জন্য সময়মতো পরিশোধের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ উদ্যোগের আওতায় প্রাথমিক ভাবে ৫০০ কোটি টাকা ঋণ ও ৫০০ কোটি টাকা অনুদানের মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আজ মঙ্গলবার বিকেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেন নতুন উদ্যোগ নিয়ে। বৈঠকে নতুন এই উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে তা করতে পারছেন না, তাঁদের এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখা হবে। ফলে প্রচলিত ব্যাংকঋণের ১১ থেকে ১৫ শতাংশ কিংবা এনজিও ঋণের তুলনায় উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ অনেক কম হতে যাচ্ছে। মাসুরর আরেফিন বলেন, শুধু ঋণ দেওয়া নয়, উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য অনুদানের ব্যবস্থা করা হচ্ছে। ঋণের কিস্তি সময়মতো পরিশোধ ও ব্যবসার পারফরম্যান্স বিবেচনায় ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ, কোনো উদ্যোক্তা ১০ লাখ টাকা ঋণ পেলে পরবর্তী সময়ে যোগ্যতার ভিত্তিতে আরো ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ হতে পারে। জানা গেছে, এই ঋণের ক্ষেত্রে কোনো জামানত নেওয়া হবে না। ফলে সম্পদ বা জমি বন্ধক রাখার সক্ষমতা না থাকলেও যোগ্য তরুণদের ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হবে। বৈঠক সূত্রে জানা যায়, উদ্যোক্তা নির্বাচনে উপজেলা পর্যায়কে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা নির্ধারিত কমিটির মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা বাছাই করা হবে। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তির ঋণ পাওয়ার সুযোগ কমানোর চেষ্টা করা হবে। এবিবির চেয়ারম্যান জানিয়েছেন, দেশের ৫০০টির বেশি উপজেলায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে সম্ভাব্য উদ্যোক্তা চিহ্নিত ও যাচাই করবে। উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, দক্ষতা ও প্রকৃত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, এই তহবিলের আওতায় শুধু নির্দিষ্ট কোনো ব্যবসা নয়, উৎপাদন ও বাণিজ্য দুই ধরনের উদ্যোগ আসতে পারে। এর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অন্তর্ভুক্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠান জরিমানার মুখে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠান জরিমানার মুখে

 

স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সংরক্ষণ-প্রক্রিয়াজাতকরণের নির্ধারিত নীতি অনুসরণ না করে খাবার প্রস্তুত করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈশা খাঁ মিষ্টি ঘর। ভ্রাম্যমাণ আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত এবং বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক বায়েজিদ এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার। আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানিয়েছেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য সংরক্ষণের নির্ধারিত নীতি অনুসরণ না করার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক ৬ জন, শিক্ষার্থী ৯০০; তবু ৯ বছর ধরে সাফল্যের শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


শিক্ষক ৬ জন, শিক্ষার্থী ৯০০; তবু ৯ বছর ধরে সাফল্যের শীর্ষে

 

এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল করায় উল্লাস করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।

দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি থাকা সত্ত্বেও যেখানে ফল বিপর্যয় ঘটছে বা একজনও পাস করতে পারছে না, সেখানে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ফল ভিন্ন। এই প্রতিষ্ঠানটিতে পাশের হার ৯৭.৮৯ শতাংশ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থী সংখ্যা ৯০০।

যার বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র ছয়জন। তবুও সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির ফলের তথ্য জানা যায়, যা বিগত ৯ বছর ধরে বাঞ্ছারামপুর উপজেলায় সেরা হিসেবে চিহ্নিত।

সূত্র জানায়, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হওয়ার পর নতুন করে আর জনবল প্রদান করা হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।

তবে শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত থাকলেও শিক্ষক নিয়ে রয়েছে বড় ধরনের সংকট। এ কারণে পার্টটাইম শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে (১১ আগস্ট) সরেজমিন গিয়ে দেখা যায়, টানা ৯ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বাদ্য বাজিয়ে উল্লাস করছেন এবং বিতরণ করা হচ্ছে মিষ্টি।

৯ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা বলেন, ‘পত্রিকায় লেখেন, আমাদের পর্যাপ্ত টিচার নেই। গরমে ফ্যান সংকটে ভুগছি।’

১০ম শ্রেণির ছাত্র মুশফিক বলেন, ‘আমাদের এটা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ এখনও আমরা টিনের কক্ষে ক্লাস করি। আমাদের হোস্টেল নেই। জরুরি আবাসিক ব্যবস্থা দরকার।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান বলেন, ‘আজ যদি আমাদের আরো শিক্ষক থাকতো, শতভাগ পাশসহ জিপিএ ৫ আরো বাড়তো। শ্রেণিকক্ষে ফ্যান নেই, বেঞ্চ সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে সেরা ফল করছি।’

বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে না পেয়ে এবিষয়ে কথা হয় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সঙ্গে।

ইউএনও বলেন, ‘আমি এখানে গত একবছর আগে যোগদানের পর থেকে দেখছি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট। কিন্তু ফল ভালো। আমি শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে জড়িত: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে জড়িত: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চল থেকে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমে যাবে, ফলে পুরো অঞ্চল সমৃদ্ধ জনপদে পরিণত হবে। তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণেই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আছে।

মঙ্গলবার রাজধানীর বিআইএএম মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে।

দুর্যোগ মোকাবিলায় সরকারের ভূমিকা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ষড়ঋতুর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের মানুষকে নিয়মিত নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব মানুষের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ তিন জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরের ১৯টি উপজেলায় বর্তমানে ‘প্রভাতী’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৌসুমি বন্যার আগাম পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা উন্নত করা হচ্ছে। পাশাপাশি দ্রুত আগাম সতর্কবার্তা পৌঁছে দিয়ে স্থানীয় জনগণকে বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

এ ছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবিএম সফিকুল হায়দার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%