ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিনও আনা হচ্ছে। ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহের পরিকল্পনা রয়েছে, এবং পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা এক মাসে দূর করা সম্ভব নয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার বেশি টেন্ডার আহ্বান করা হবে। এ ছাড়া পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা হচ্ছে। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা কম। একজন চিকিৎসক যেখানে ৫০ জন রোগী দেখতে পারেন, সেখানে তাকে ২৫০ থেকে ৩০০ রোগী দেখতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, "একটা মৃত্যুর জন্য আমাদের সবারই মন কাঁদে। কিন্তু আমাদের ১৮ কোটি মানুষের জন্য ডাক্তার আছে কতজন? একজন ডাক্তার ৫০ জন রোগী দেখতে পারেন, সেখানে ২৫০-৩০০ রোগী দেখতে হয়। হাঁপিয়ে যান, তখন মাথার মেধা কাজ করে না।"

চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ থাকলেও তাদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। চিকিৎসকদের অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অনিয়মের বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। তাদের রোস্টার তালিকা সঙ্গে নেয়া হয়েছে। অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে যাচাই করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপন করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি ক্লিনিকগুলো নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি ক্লিনিকগুলোকে নির্ধারিত শর্ত মেনে পরিচালিত হতে হবে। কোনো ক্লিনিকে লেবার রুম না থাকলে রোগীর চিকিৎসায় অব্যবস্থাপনা হলে কিংবা যথাযথ সেবা না দেয়ার কারণে রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি কমপ্লায়েন্স না করে কন্ডিশন অনুযায়ী ওগুলো বন্ধ করে দেয়া হবে। যদি লেবার রুম না থাকে বা রোগীর কোনো অব্যবস্থাপনা হয়, রোগীরা বিনা কেয়ারে যদি মারা যান, আমরা এগুলো সব বন্ধ করে দেব এবং ব্যবস্থা নেব।

এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে ফুলপুর হাসপাতালে কিছু অব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনা দেখতে পান তিনি। বাথরুম সংস্কার ও পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ফুলপুর হাসপাতালে কিছু অব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হাসপাতালের বাথরুমগুলো আগামী দুই দিনের মধ্যে ঠিক করে পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

তিনি আরও বলেন, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সেখানে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, মাতৃসেবা ও শিশুদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হবে। এসব হাসপাতালের উন্নয়ন হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে।

স্বাভাবিক প্রসবের হার বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসক ও নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগ দেয়া হচ্ছে। মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসব বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য পুরনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক (পরিচালকের দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জাকীউল ইসলামসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি

মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে দ্বিচারিতা, ধর্মীয় মতপার্থক্য ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন মুফতি মোজাম্মেল হক মাছুমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

স্ট্যাটাসের শিরোনাম দিয়েছেন, “চুমু দিলে থাপ্পড়; আতঙ্ক এবং দ্বিচারিতার প্রশ্ন?” এতে তিনি শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়ার পাশাপাশি ধর্মীয় বিভিন্ন আমল নিয়ে মতপার্থক্যের প্রসঙ্গ তুলে ধরেন।

মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর স্ট্যাটাসে প্রশ্ন করেন, নবীজি ﷺ-এর নাম শুনে আঙুলে চুমু দেওয়া, মা-বাবা, উস্তাদ ও শায়েখের কদমবুসি, মাজার জিয়ারত, মিলাদের কিয়াম এবং ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে জসনে জুলুসের মতো বিষয়গুলোতে যারা আপত্তি তোলেন, তাঁদের অবস্থান কীভাবে মূল্যায়ন করা হবে। এসব প্রসঙ্গ তুলে তিনি ধর্মীয় বিষয়ে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণের আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি গাজীপুরের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দীনের মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর বক্তব্যে, একটি ঘটনায় প্রতিবাদী হওয়ার পাশাপাশি অন্য ঘটনায়ও একইভাবে ন্যায়বিচারের দাবি তোলা উচিত।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হওয়া এবং শিশুদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগের বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর মতে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং এ ধরনের অভিযোগের যথাযথ সমাধান করা জরুরি।

শিশু সুরক্ষা ও নিরপেক্ষ তদন্তের গুরুত্ব

শিশুকে চুমু দেওয়ার ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও, ঘটনাটির প্রকৃত পরিস্থিতি নির্ধারণে নিরপেক্ষ তদন্ত ও প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই গুরুত্বপূর্ণ। শিশুর প্রতি যেকোনো আচরণের ক্ষেত্রে তার নিরাপত্তা, সম্মতি, মর্যাদা ও ব্যক্তিগত সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা কিংবা কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে একইভাবে দায়ী করাও সমীচীন নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত এবং প্রমাণের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ভূমিমন্ত্রীর অসুস্থতায় তাঁরা সবাই উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছাঃ লাভলী এবং মহানগর মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি। এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল পুলিশে দিল ছাত্রদল বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল পুলিশে দিল ছাত্রদল বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল জব্দ
 
 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে বহিরাগত কয়েকজন আরোহীর গতিরোধ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে দুটি মোটরসাইকেল জব্দ করে।
 
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। তিনি জানান, জব্দ করা মোটরসাইকেল দুটি অঙ্গীকারসংবলিত মুচলেকা নিয়ে আজ সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের উচ্চ শব্দের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে আরোহীরা মোটরসাইকেলগুলো ফেরত নিতে পারবেন।
 
জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। কয়েকজন বহিরাগত আরোহী বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন সড়কে বারবার চলাচল করছিলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে মাওলানা ভাসানী হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও ফজলুল হক হলের ছাত্রদল নেতাকর্মীরা মোটরসাইকেল দুটির গতিরোধ করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল দুটি জব্দ করে।
 
সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকর্মীরা জানান, মোটরসাইকেল আরোহীদের সঙ্গে কোনো ধরনের মারধর বা দুর্ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই তাঁরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।
 
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের বেপরোয়া গতিতে ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেষ্ট রয়েছি। ক্যাম্পাসে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাকৃবি ছাত্রদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
 
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘মোটরসাইকেলগুলো আটক করা হয়েছিল। তারা বারবার এ ধরনের কর্মকাণ্ড করে আসছিল। আজ সন্ধ্যায় মুচলেকা দিয়ে মোটরসাইকেলগুলো নিয়ে যাবে। ভবিষ্যতে এ অবস্থায় কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।’
 
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। এখন থেকে ক্যাম্পাসে নিয়মিত নজরদারি করা হবে। কাউকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো, সবাই যেন আইন মেনে চলে।’
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, 'উচ্চ শব্দের মোটরসাইকেল ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি জরিমানা করার ক্ষমতা না থাকায় এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়া হবে।'
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চালিয়ে দুই মাদক কারবারীসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি ও শাহমখদুম থানা পুলিশ।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আট পিস ইয়াবাসহ মুন্না (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকা থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুলফিকার আকসান আকাশকে (২৪) গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ।
এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%