১১:৪১ পি.এম
কুমিল্লার লাকসামে অন্তর (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার নিজ বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। অন্তর ওই এলাকার মো. জব্বারের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, প্রেমের বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে অন্তর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
স্বজনদের মতে, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে উপস্থিত ছিলেন। এসময় অন্তর বাড়িতে একাই অবস্থান করছিলেন। নামাজের পর যখন পরিবারের সদস্যরা ফিরে এসে তাকে ডাকাডাকি করেন, তখন কোনো সাড়া পাননি। পরে দরজা খুলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের
ঘটনার খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক বিরোধ ও বিয়ে-সংক্রান্ত জটিলতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সঠিকভাবে জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন