ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীর গাবতলীতে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত


রাজধানীর গাবতলীতে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: নাশকতার অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার

ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতার বিষয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতার বিষয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদরদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এবং দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার প্রশংসা করেন।

বৈঠকে মহাপরিচালক রাষ্ট্রদূতকে বাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রম এবং আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে, সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে আনসার-ভিডিপি কল্যাণ ট্রাস্ট ও প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীমুক্ত, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎ শেষে উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা স্মারক ও উপহার বিনিময় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে যুবদলের প্রতিবাদ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ঠাকুরগাঁওয়ে যুবদলের প্রতিবাদ সমাবেশ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঠাকুরগাঁও, ২৯ নভেম্বর, ২০২৬ : ঠাকুরগাঁওয়ে জেলা যুবদল দেশের মধ্যে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

আজ রোববার দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদুর রহমান জাহিদ।

বক্তারা সমাবেশে বলেন, "পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।" তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার ধাক্কা সত্ত্বেও চার মাসে বাংলাদেশ-ভারতে ২০ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি নেপালের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


বন্যার ধাক্কা সত্ত্বেও চার মাসে বাংলাদেশ-ভারতে ২০ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি নেপালের

ভোটকোশি নদীর বন্যা এবং রপ্তানি অনুমোদন পেতে বিলম্বের মতো বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও নেপাল চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ভারত ও বাংলাদেশে ২০.৪৮ বিলিয়ন নেপালি রুপির বিদ্যুৎ রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বৃদ্ধি পেয়েছে।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) জুলাইয়ের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে ২০.৪৮৩৭ বিলিয়ন রুপি আয় করেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৭.৯২৫৪ বিলিয়ন রুপি। বর্ষা মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করেই এ আয় অর্জিত হয়েছে। এনইএ 'ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ'-এর ডে-অ্যাহেড এবং রিয়েল-টাইম মার্কেটে প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে ভারতে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে। এছাড়া, মধ্যমেয়াদী দ্বিপাক্ষিক বিদ্যুৎ চুক্তির আওতায় সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতের হরিয়ানা ও বিহার রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করে নেপাল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি নেপাল, ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির অধীনে হয়। ভারতের সঞ্চালন লাইন (ট্রান্সমিশন নেটওয়ার্ক) ব্যবহার করে নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারতে বিক্রি হওয়া বিদ্যুতের মূল্য ভারতীয় রুপিতে পরিশোধ করা হয়, আর বাংলাদেশ অর্থ পরিশোধ করে মার্কিন ডলারে।

তবে, বন্যার কারণে ভোটকোশি করিডোরের জলবিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বছরের রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গত ২৬ আগস্ট ভোটকোশি নদীর বন্যায় চিলিমে, ত্রিশূলী এবং দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়—যেগুলো ভারত ও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত ছিল। এই ক্ষয়ক্ষতির পর বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বর্ষা মৌসুমে নেপাল প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছিল, কিন্তু দুর্যোগের পর তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে আসে। এই বন্যায় অন্যান্য বিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যাহত হয়।

ভারত বিকল্প প্রকল্পগুলোর অনুমোদন দিলে ২৩ অক্টোবর থেকে পুনরায় রপ্তানি শুরু হয়। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোর পরিবর্তে সোলু, কাবেলি-১ এবং লোয়ার মোদি জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ রপ্তানির ছাড়পত্র মেলে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের হরিয়ানা রাজ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়।

এনইএ-এর নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, ত্রিশূলী (২৬ আগস্ট) এবং কালীগণ্ডকী নদীর (১১ অক্টোবর) বন্যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সঞ্চালন অবকাঠামো—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কিছু প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং রপ্তানি প্রভাবিত হয়।

শ্রেষ্ঠ বলেন, “রপ্তানির জন্য অনুমোদিত কিছু প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছে।”

বিদ্যুৎ রপ্তানি থেকে নেপালের এই ক্রমবর্ধমান আয় দেশটির একটি মৌসুমি বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে উঠে আসার প্রতিফলন। বর্ষাকালে জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকে। তবে শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় এবং তখন দেশটিকে ভারতের আমদানি কৃত বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়।

গত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত এই বিদ্যুৎ সংস্থাটি ভারত ও বাংলাদেশে ২৯.৩১ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি করেছিল এবং ১০.৫৬ বিলিয়ন রুপির বিদ্যুৎ আমদানি করেছিল। এই বাণিজ্য উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হিসেবে বিদ্যুতের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। যদিও নেপালের বিদ্যুৎ বিক্রির সক্ষমতা এখনো ভারতের বাজারে প্রবেশাধিকার এবং প্রকল্প-ভিত্তিক অনুমোদনের ওপর নির্ভরশীল। সূত্রঃ দ্য কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিডিসিএলের অভিযানে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা লক্ষাধিক টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


বিজিডিসিএলের অভিযানে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা লক্ষাধিক টাকা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জ্বালানি অপচয় রোধে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে ১১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং মাটির নিচ থেকে প্রায় ৬০০ ফুট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় আইন অমান্যকারী ৮ জনকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই তথ্য রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার চাঁপাপুরে অবস্থিত বিজিডিসিএলের প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করা হয়। বিজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, গৌরীপুর বিক্রয় কার্যালয়ের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাতুর বাড়ির মোড় ও দশদোনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।

বিজিডিসিএল সূত্র জানায়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এবং বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এর আওতায় পরিচালিত এই অভিযানে নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের দায়ে মোট ১১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্নকৃত সংযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে নতুন সংযোগ গ্রহণ, ৬টি অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার, ৩টি দীর্ঘদিন বিল বকেয়া রাখা এবং ১টি আবাসিক সংযোগে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৯টি রেগুলেটর বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৬০০ ফুট (৩/৪ ইঞ্চি ব্যাসের) পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়। গ্যাস আইন লঙ্ঘনের অপরাধে ৮ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিডিসিএলের ভিজিলেন্স ডিপার্টমেন্ট, এবিকা (গৌরীপুর), ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট, সেফটি ও সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%