১১:০৩ পি.এম
রাজধানীতে গত শনিবার রাতে শেষ হয়েছে তিন দিনের ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাব আয়োজিত এই প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনী চলাকালীন সেমিনারে জানানো হয়, ৯ বছরে দেশে অগ্নিকাণ্ডে ১ হাজার ১৬১ জন প্রাণ হারিয়েছেন।
প্রদর্শনীতে প্রদর্শিত হয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি, সাইবার নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং শিল্প নিরাপত্তাসংক্রান্ত প্রযুক্তি। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা সরঞ্জাম দেখতে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার এক্সপো প্রাঙ্গণে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে ১৭ শহীদ পরিবারের সদস্যদের ‘ইসাব অগ্নিবীর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি জয়ী প্রতিষ্ঠানগুলোকে ‘ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি মন্তব্য করেন, "শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।" তিনি আরও বলেন, অগ্নিদুর্ঘটনা মূলত অবকাঠামো এবং অন্যান্য আনুষঙ্গিক ত্রুটির কারণে ঘটে, যা হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, দুর্ঘটনার পর ব্যবস্থা নেয়ার পাশাপাশি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। সরকার দেশি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি)। তিন দিনের এ মেলায় সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এনএফপিএসহ বিভিন্ন সংস্থা।
এর আগে শনিবার বিকেলে ‘ঢাকার ক্রমবর্ধমান আকাশচুম্বী ভবন : বহুতল ভবনে অগ্নি ও জীবন নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আধুনিক স্মার্ট ভবন প্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব। তিনি জানান, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ বছরে দেশে ২,০৯,৯৩৯টি অগ্নিকাণ্ডে ১,১৬১ জন মারা গেছেন এবং ৩,৭৯২ জন আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, বেইলি রোড ও এফআর টাওয়ারের ঘটনা থেকে বোঝা যায়, অনুমোদনহীন নির্মাণ, বেআইনিভাবে ভবনের ব্যবহার পরিবর্তন, নকশা ও প্রকৌশলগত ত্রুটি, উলম্ব শ্যাফটের মধ্য দিয়ে ধোঁয়া ছড়ানো (স্ট্যাক এফেক্ট), অপর্যাপ্ত নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ সক্ষমতার সীমাবদ্ধতা মিলিত হয়ে কীভাবে একটি স্থানীয় আগুন ভয়াবহ বিপর্যয়ে রূপ নেয়। তিনি বলেন, অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো পরিকল্পনা, নকশা, অবকাঠামো ও শাসনব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতার ফল। এজন্য অগ্নিনিরাপত্তাকে নকশার প্রথম ধাপ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত ভবনের পুরো জীবনচক্রে বিবেচনা করা প্রয়োজন।
শনিবার সকালে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিনের উপস্থিতিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসাবের সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে শ্রমিক, শিল্প প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকতে বলছে তথ্য অধিদফতর
ইসাব-এর নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হেলাল) জানান, তিন দিনের এই প্রদর্শনীতে অংশীজন ও ক্রেতা-দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষা ও নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই, যা সংশ্লিষ্টরা নতুনভাবে উপলব্ধি করেছেন।
ইসাব-এর সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান সদস্য জাকির উদ্দিন আহমেদ বলেন, ইসাব-এর বর্তমান কমিটিসহ পুরনো ও অভিজ্ঞ সদস্যদের সমন্বিত উদ্যোগে এই প্রদর্শনী ভিন্ন মাত্রা পেয়েছে সরকারি-বেসরকারি অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে। প্রদর্শনীর প্রতিটি দিন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার থেকেও বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। তিনি বলেন, অগ্নি নিরাপত্তা খাতে সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে এবং এজন্য সরকারকে আমাদের বিভিন্ন দাবি পূরণে দ্রুত সাড়া দিতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন আশ্বাস দিয়েছেন, যা আমাদের আশ্বস্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন