ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নামজারির নামে ৭ হাজার টাকা নেয়ায় সিদুয়াকে ১৫ দিনের কারাদণ্ড


নামজারির নামে ৭ হাজার টাকা নেয়ায় সিদুয়াকে ১৫ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক নারী সেবাগ্রহীতাকে জমির নামজারি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ হাজার টাকা আদায়ের অভিযোগে সিদুয়া নামের একজন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসে নামজারি শুনানি চলাকালীন সময়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সিদুয়া গোমস্তাপুরের পার্বতীপুর এলাকার লক্ষীন সরদারের পুত্র।

জানা যায়, নামজারি শুনানিতে উপস্থিত থাকা এক নারী সেবাগ্রহীতা অভিযোগ করেন যে, সিদুয়া তার কাছ থেকে নামজারি সম্পন্ন করার কথা বলে ৭ হাজার টাকা নিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ভূমি অফিসের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জানার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর ওপর ২৫০ মিটার করে দুটি সেতু নির্মাণ হচ্ছে, নিশ্চিত করেছেন খাদ্যমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ। তিনি সময় সংবাদকে জানান, সেবাগ্রহীতার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, নামজারির টাকা অনলাইনে জমা দিতে হয় এবং অতিরিক্ত টাকা দেয়ার প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে এলাকাবাসীকে নতুন বিদ্যালয় উপহার দিলেন কবি সৈয়দ জাহিদ হাসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


জন্মদিনে এলাকাবাসীকে নতুন বিদ্যালয় উপহার দিলেন কবি সৈয়দ জাহিদ হাসান

কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান তার জন্মদিন উপলক্ষে এলাকাবাসীর জন্য একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা একটি ব্যতিক্রমী উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ নামক এই শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে অবস্থিত লালন আনন্দধামে কবির জন্মদিন উদযাপন ও বিদ্যালয়টির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন। তাদের উপস্থিতিতে কবি জন্মদিনের কেক কাটেন। পরে তিনি এলাকাবাসীর জন্য নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেও কেক কাটা হয়।

কবি সৈয়দ জাহিদ হাসান বলেন, "আনন্দধাম বিদ্যা-ভুবন হবে ভয়হীন, আনন্দময় ও সৃজনশীল শিক্ষার একটি ব্যতিক্রমী বিদ্যাপীঠ। শিক্ষা একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। আগামী প্রজন্মকে ধর্মীয়, মানবিক ও দেশোপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে।" তিনি জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ১ ডিসেম্বর থেকে প্লে, নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তি শুরু হবে। প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়া হবে।

তিনি আরও বলেন, "শিশুর মেধা ও মনন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শৈশব। তাই মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে খেলাধুলা, গল্প, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তোলা হবে।" এছাড়াও বাংলা ও ইংরেজি ভাষার শুদ্ধ চর্চা, প্রাথমিক গণিত, নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনায় প্রশস্ত খেলার মাঠ, শিশুদের বিনোদন পার্ক, ক্যান্টিন এবং নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ থাকবে। আনন্দময় পাঠদানের পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, স্বাধীন চিন্তা ও আত্মবিশ্বাস তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।

কবির এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার শিশুদের মানসম্মত ও আনন্দময় শিক্ষার সুযোগ তৈরিতে ‘আনন্দধাম বিদ্যা-ভুবন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিনামূল্যে বই, খাতা ও ডায়েরি দেওয়ার উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি প্রাপ্তি। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি চালু হলে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আনন্দধাম বিদ্যা-ভুবনের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত দুদু মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাজী ওয়লী উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, কবি জাহাঙ্গীর খান, কমরেড অরুণ শীল এবং ভিকারুননিসা নূন কলেজের সহকারী অধ্যাপক সীমা সারমিন। এ ছাড়া কবির ভক্ত, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে

যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ তুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রপ্তানি আয় সম্পর্কে সরকারি কর্মকর্তাদের বক্তব্য সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

রোববার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফারসি ভাষার অ্যাকাউন্টে এই অভিযোগটি প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করেছেন যে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট। তবে অর্থমন্ত্রী রপ্তানি আয় বৃদ্ধির কথা বললেও, তার দাবির পক্ষে কোনো পরিসংখ্যান বা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করছেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের এমন দাবির বিপরীতে সাধারণ ইরানিরা প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে মাংস, মুরগির মাংস এবং আবাসন ব্যয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

পোস্টে ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, তার বক্তব্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।

এদিকে, ইরানের অর্থনীতিতে সংকটের চিত্র বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন এবং উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদনে রয়টার্স জানায়, মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময়মূল্য প্রায় ৩০ লাখে নেমে এসেছে।

ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়াতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো দেশটির সরকারের আর্থিক সক্ষমতা দুর্বল করা এবং ওয়াশিংটনের দাবির বিষয়ে তেহরানকে ছাড় দিতে বাধ্য করা।

তবে, ইরানের অর্থনীতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এসব অভিযোগের বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ পায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ওমরাহ পালনে পুরুষদের ছাড়িয়ে গেছেন বিদেশি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ওমরাহ পালনে পুরুষদের ছাড়িয়ে গেছেন বিদেশি নারীরা

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবে ওমরাহ পালনে বিদেশি মুসল্লিদের মধ্যে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ছিল। এ তথ্য সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ (গ্যাস্টাট)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মোট ৮ লাখ ৬১ হাজার ৭৪৮ জন বিদেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। এর মধ্যে নারী মুসল্লির সংখ্যা ৫১ দশমিক ৪৫ শতাংশ এবং পুরুষ মুসল্লির সংখ্যা ৪৮ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে, অভ্যন্তরীণ ও বিদেশি মিলিয়ে ওই প্রান্তিকে মোট ৪০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন মুসল্লি ওমরাহ পালন করেছেন। সার্বিক এই পরিসংখ্যানে পুরুষ মুসল্লির হার ৫৮ দশমিক ৩ শতাংশ এবং নারী মুসল্লির হার ৪১ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান বুলেটিনে আরও জানানো হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৩২ লাখ ৩২ হাজার ৫৪৫ জন। এদের মধ্যে সৌদি নাগরিকের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ১০৩ জন (৫৮ দশমিক ২ শতাংশ) এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসী বা অ-সৌদি নাগরিকের সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৪৪২ জন (৪১ দশমিক ৮ শতাংশ)।

বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের যাতায়াতের মাধ্যম বিশ্লেষণে দেখা গেছে, ৭৭ দশমিক ২ শতাংশ মুসল্লি আকাশপথে, ২২ দশমিক ৬ শতাংশ স্থলপথে এবং ০ দশমিক ২ শতাংশ নৌপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। এ ছাড়া, দ্বিতীয় প্রান্তিকের মধ্যে জুন মাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওমরাহ যাত্রী সৌদি আরবে গেছেন; যার সংখ্যা ৬ লাখ ১২ হাজার ২৫৬ জন—যা ওই প্রান্তিকের মোট বিদেশি মুসল্লির ৭১ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে এনসিডি কর্নারের রোগীদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ঝালকাঠিতে এনসিডি কর্নারের রোগীদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় সভা

ঝালকাঠির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে নিবন্ধিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার সিভিল সার্জন। এই সভাটি রোববার (২৯ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ১২ জন রোগীর সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে খোজ নেওয়া হয়, যা নিয়মিত ওষুধ সেবন, চিকিৎসা গ্রহণ ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে হয়েছে।

কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ সংগ্রহের সুবিধা, ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, রোগীদের যাতায়াতের সময় ও খরচ কমানো এবং কমিউনিটি রিফিলিং কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়াও, অনলাইনে যুক্ত ছিলেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের। সভায় আরও উপস্থিত ছিলেন কর্মসূচির বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান, কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী, ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%