০৫:৩০ পি.এম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ফিলিপাইন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নার্সিং শিক্ষার কারিকুলাম সময়োপযোগী করে আধুনিকায়ন করা হবে।
আজ বুধবার দুপুরে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে ফিলিপাইন সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জিয়াউদ্দিন হায়দার জানান, বর্তমানে দেশে তিন বছরের ডিপ্লোমা নার্সিং কোর্স চালু আছে, যা বিশ্বের অনেক দেশে গ্রহণযোগ্য নয়। বর্তমান তিন বছরের ডিপ্লোমা ধারীদের আধুনিক ‘ব্রিজিং প্রোগ্রাম’-এর মাধ্যমে চার বছরের ব্যাচেলরস ডিগ্রিতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের ৭৩টি সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে আধুনিক অডিও-ভিজ্যুয়াল ক্লাসরুমের পাশাপাশি উচ্চ প্রযুক্তির ‘স্কিলস ল্যাব’ এবং ‘সিমুলেশন ল্যাব’ স্থাপন করা হবে। ফিলিপাইন থেকে মাস্টার ট্রেইনার এনে দেশের নার্সিং ফ্যাকাল্টি ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, চার বছরের ব্যাচেলরস কোর্স পরিচালনার জন্য নির্দিষ্ট ক্লাসরুম, জমি, অবকাঠামো, স্কিলস ল্যাব এবং উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয় নীতিমালা শিগগিরই নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
জিয়াউদ্দিন হায়দার বলেন, বেসরকারি নার্সিং এবং মেডিকেল কলেজগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। যদি নির্ধারিত সময়ে আন্তর্জাতিক মান অর্জনে ব্যর্থ হয় তবে প্রতিষ্ঠানগুলো ডিগ্রি প্রদানের সক্ষমতা হারাবে এবং নতুন শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।
তিনি জানান, ফিলিপাইনের আদলে দেশের নার্সিং শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ নার্স গড়ে তুলতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রায় ১৫০ মিলিয়ন ডলারের আর্থিক ও কারিগরি সহায়তায় একটি মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে সরকারি ৭৩টি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শতভাগ শিক্ষার মান আধুনিকায়ন করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী ৩-৫ বছরের মধ্যে দেশে প্রায় ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, যার একটি বড় অংশ আসবে স্বাস্থ্য খাত থেকে (নার্স, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্ট)।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন