ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
বাকৃবির গবেষণা

ক্ষতিকর রাসায়নিকের বিকল্প দেশের প্রথম ‘পিজি-ট্রাইকোডার্মা’ ছত্রাকনাশক উদ্ভাবন


ক্ষতিকর রাসায়নিকের বিকল্প দেশের প্রথম ‘পিজি-ট্রাইকোডার্মা’ ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন। দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত এই ছত্রাকনাশক 'পিজি-ট্রাইকোডার্মা' নামের বায়োফরমুলেশন, যা একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করছে। প্রতি গ্রাম পণ্যে রয়েছে ন্যূনতম ২০ লাখ জীবন্ত ট্রাইকোডার্মা স্পোর। গবেষকদের দাবি, এটি বিভিন্ন ফসলের রোগ দমন, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং মৎস্য খাতে পানির গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব (প্ল্যান্ট প্যাথোলজি) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল গবেষণার ফলাফল তুলে ধরেন। এ সময় কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিন, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট স্নাতকোত্তর শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, 'বর্তমানে দেশে ব্যবহৃত মোট বালাইনাশকের প্রায় ৪৫ থেকে ৪৬ শতাংশ রাসায়নিক ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকের অতিরিক্ত ব্যবহার কেবল ক্ষতিকর ছত্রাক নয়, বরং মাটিতে থাকা উপকারী অনুজীব ও ছত্রাকও ধ্বংস করে। ফলে পরিবেশ, মাটির স্বাস্থ্য ও জনস্বাস্থ্য উভয়ের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। এ বাস্তবতায় পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প হিসেবে উদ্ভাবন করা হয়েছে 'পিজি-ট্রাইকোডার্মা', যা একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করে।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

তিনি আরও জানান, গবেষণার প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন কৃষি-পরিবেশ অঞ্চল থেকে হাজার হাজার মাটি ও রাইজোস্ফিয়ার (ছত্রাকের স্পোর) নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে শতাধিক ট্রাইকোডার্মা ছত্রাক পৃথক করে তাদের কার্যকারিতা দীর্ঘদিন ধরে যাচাই-বাছাই করা হয়েছে। পরবর্তীতে সর্বাধিক কার্যকর, স্থিতিশীল ও বাংলাদেশের জলবায়ুর সঙ্গে অভিযোজিত ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম নির্বাচন করে এর ভিত্তিতে বায়ো ফরমুলেশন তৈরি করা হয়। যেহেতু এটি দেশীয় উৎসের অণুজীব, তাই আমদানিনির্ভর বায়ো পণ্যের তুলনায় এটি অধিক কার্যকর, টেকসই এবং তুলনামূলকভাবে কম ব্যয়বহুল বলে আশা করছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, এ জৈব ছত্রাকনাশক সব ধরনের ফসলেই কার্যকর। বিশেষ করে টমেটো, আলু, বেগুন, ঢেঁড়স, মরিচ, শসা, লাউ, কুমড়া সহ বিভিন্ন সবজি, ডালজাতীয় ফসল, চা ও পান চাষে এর ইতিবাচক ফল পাওয়া গেছে। এসব ফসলে ফিউজারিয়াম উইল্ট, রুট রট, স্ক্লেরোটিয়াম ব্লাইট এবং পাতার দাগ রোগ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

মাঠপর্যায়ের পরীক্ষায় টমেটোতে ৪০ থেকে ৭০ শতাংশ, আলুতে ৩০ থেকে ৪০ শতাংশ, ধানে ৩০ থেকে ৫০ শতাংশ, গমে ৩০ থেকে ৩৫ শতাংশ এবং চা গাছে ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া মরিচ ও ডাল জাতীয় ফসলে বীজবাহিত ছত্রাকজনিত রোগ ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

কার্যকারিতার বিষয়ে অধ্যাপক মঞ্জিল বলেন, পিজি-ট্রাইকোডার্মা উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং মাটির জৈবিক স্বাস্থ্য উন্নত করে। পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে আনে এবং প্রাকৃতিক উপায়ে রোগ ও পোকামাকড় দমনে সহায়তা করে। এটি সহজে প্রয়োগযোগ্য হওয়ায় কৃষকদের জন্য সাশ্রয়ী ও ব্যবহার বান্ধব প্রযুক্তি।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

এই প্রযুক্তিটি শুধু কৃষিতেই নয়, বরং ছাদ কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনাময়। মৎস্য খাতে ট্রাইকোডার্মার কার্যকারিতা সম্পর্কে অধ্যাপক ড. মো. শাহেদ রেজা বলেন, 'মাছচাষের একটি বড় অংশ হলো মাছের খাদ্য। চাষের সময় অব্যবহৃত খাদ্য এবং মাছের মল পানির গুণাগুণ নিম্ন করে তুলে। ট্রাইকোডার্মাভিত্তিক এ পণ্যটি ব্যবহারে পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) বৃদ্ধি পায় এবং অ্যামোনিয়ার পরিমাণ হ্রাস পায়। ফলে মাছ উৎপাদন লাভজনক হয়। তবে এটি শুধুমাত্র ছোট পরিসরে পরীক্ষা করা হয়েছে। আমরা বড় পরিসরে প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করতে পারবো।'

কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিন বলেন, 'পিজি-ট্রাইকোডার্মা জৈব ছত্রাকনাশকের কোনো ক্ষতিকর দিক নেই। এটি শতভাগ নিরাপদ। অন্যান্য ছত্রাকনাশক বা যে কোন কীটনাশক প্রয়োগে ফসল কমপক্ষে সাতদিন পর থেকে সংগ্রহ করতে হয় এবং রাসায়নিক প্রয়োগ করার পর কমপক্ষে ২৪ ঘন্টা ওই জমিতে কৃষক প্রবেশ করতে পারে না। তবে আমাদের এই পণ্যটির ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নেই। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। টেলকম পাউডারের সাথে ট্রাইকোডার্মা ছত্রাক ব্যবহার করে এটি বাজারজাত করা হয়েছে। ফলে এটি সম্পূর্ণভাবে জৈব। এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই।

তিনি আরও জানিয়েছেন, 'এই পণ্যটি দূষণ সমৃদ্ধ জমিতে প্রয়োগ করলে সেখানে উদ্ভিদের ভারী ধাতু গ্রহণ করা কমায় এবং পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধি করে ফলে গাছের বৃদ্ধি ভালো হয়। বাংলাদেশে ৪০ হাজার মেট্রিক টন রাসায়নিক ব্যবহার করা হয় যার মধ্যে দুই থেকে পাঁচ শতাংশ মাত্র বায়োফার্টিলাইজার। তাই আমাদের পণ্যটি দেশের রাসায়নিক ছত্রাকনাশকের বিকল্প জৈব ছত্রাকনাশক হিসেবে এক যুগান্তকারী আবিষ্কার। এটি নার্সারি বেড শোধন ও মাটি শোধন আকারে মাটির সাথে মিশিয়ে এবং বীজের সঙ্গে মিশিয়ে ও সরাসরি গাছে স্প্রে করা যায়।'

গবেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রস্তাবিত পণ্যটি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্ধারিত স্ট্যান্ডার্ডাইজেশন ও নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এই পরিবেশবান্ধব বায়ো-পণ্যগুলো কৃষকদের কাছে সহজলভ্য হবে এবং দেশের টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও রাসায়নিক বালাইনাশকের ব্যবহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮১ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ১৮১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু ঘটেছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে দুই জন, বরিশাল বিভাগে সাত জন এবং সিলেট বিভাগের তিন জন রয়েছেন।

চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত মোট ১২ হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে চলতি বছরে মোট ১১ হাজার ৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৮১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত একদিনে নতুন করে ১ হাজার ১৩৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫০ জন, আর গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা এক লাখ ২২ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৭ জন, আর গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৪ জন।

সন্দেহজনক হাম রোগে গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ চার হাজার ৭১৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযোজক সমিতির নির্বাচনে যে কারণে অংশ নিচ্ছেন নায়ক উজ্জ্বল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


প্রযোজক সমিতির নির্বাচনে যে কারণে অংশ নিচ্ছেন নায়ক উজ্জ্বল

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসকের অধীনে পরিচালিত হওয়ার পর, আবারও নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্রের এই শীর্ষ সংগঠনটি নেতৃত্ব পেতে যাচ্ছে। এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক উজ্জ্বল।

উজ্জ্বল নির্বাচনে অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করে জানান, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং চলচ্চিত্রের একজন অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে চান। দীর্ঘ সময় ধরে কার্যকর নেতৃত্বের অভাবে সংগঠনটি অনেক পিছিয়ে পড়েছে। এই শূন্যতা পূরণ করে প্রযোজকদের স্বার্থ রক্ষা এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

এ বিষয়ে উজ্জ্বল বলেন, "একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সুনাম ছিল দেশ-বিদেশে। কিন্তু কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সেই মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। নির্বাচিত হলে চলচ্চিত্রের হারানো সম্মান ফিরিয়ে আনতে আমি কাজ করবো। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আধুনিক চলচ্চিত্র নির্মাণ, উন্নত টেকনিক্যাল অবকাঠামো গড়ে তোলার এবং শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার ইচ্ছা রয়েছে।"

তিনি আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত আলোচনা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা আদায়ে কাজ করবেন। একই সঙ্গে নতুন প্রযোজকদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করে তুলতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার উদ্যোগ নেয়ার কথা জানান। প্রযোজকদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখাকেও তিনি অগ্রাধিকার দেবেন।

উজ্জ্বলের মতে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এফবিসিসিআইয়ের বিধিমালা অনুযায়ী পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। নির্বাচিত হলে তিনি সংগঠনের সাংগঠনিক ও অবকাঠামোগত উন্নয়নে এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন।

দীর্ঘদিন পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রযোজকদের ঐক্যবদ্ধ করে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান সত্তর দশকের জনপ্রিয় এ চিত্রনায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল ৪ ফিলিস্তিনিসহ ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল ৪ ফিলিস্তিনিসহ ৫ জনের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সংঘর্ষের ফলে অন্তত চার ফিলিস্তিনি ও এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমের তাল শহরে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা চালানোর পাশাপাশি গুলি ছোড়ে। এতে চার ফিলিস্তিনী প্রাণ হারান এবং আরও চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক।

এদিকে ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানাচ্ছে, হাভাত গিলাদ বসতির কাছে সংঘর্ষে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হন এবং আরও তিনজন আহত হন। গুরুতর আহত দুই ব্যক্তিকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন, নিহত চার ফিলিস্তিনি ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।

ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর ও তাল এলাকার ওপর সাময়িক অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে।

পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই বৈঠক ঘটনার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসী এবং তাদের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। জুদিয়া ও সামারিয়ায় সন্ত্রাসবাদকে আবারও শেকড় গাড়তে দেয়া হবে না।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%