প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সংঘর্ষের ফলে অন্তত চার ফিলিস্তিনি ও এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমের তাল শহরে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা চালানোর পাশাপাশি গুলি ছোড়ে। এতে চার ফিলিস্তিনী প্রাণ হারান এবং আরও চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক।
এদিকে ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানাচ্ছে, হাভাত গিলাদ বসতির কাছে সংঘর্ষে এক ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হন এবং আরও তিনজন আহত হন। গুরুতর আহত দুই ব্যক্তিকে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নেয়া হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন, নিহত চার ফিলিস্তিনি ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।
ঘটনার পর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর ও তাল এলাকার ওপর সাময়িক অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে।
পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই বৈঠক ঘটনার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসী এবং তাদের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। জুদিয়া ও সামারিয়ায় সন্ত্রাসবাদকে আবারও শেকড় গাড়তে দেয়া হবে না।’
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন