প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসকের অধীনে পরিচালিত হওয়ার পর, আবারও নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্রের এই শীর্ষ সংগঠনটি নেতৃত্ব পেতে যাচ্ছে। এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক উজ্জ্বল।
উজ্জ্বল নির্বাচনে অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করে জানান, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং চলচ্চিত্রের একজন অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে চান। দীর্ঘ সময় ধরে কার্যকর নেতৃত্বের অভাবে সংগঠনটি অনেক পিছিয়ে পড়েছে। এই শূন্যতা পূরণ করে প্রযোজকদের স্বার্থ রক্ষা এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
এ বিষয়ে উজ্জ্বল বলেন, "একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সুনাম ছিল দেশ-বিদেশে। কিন্তু কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সেই মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। নির্বাচিত হলে চলচ্চিত্রের হারানো সম্মান ফিরিয়ে আনতে আমি কাজ করবো। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আধুনিক চলচ্চিত্র নির্মাণ, উন্নত টেকনিক্যাল অবকাঠামো গড়ে তোলার এবং শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার ইচ্ছা রয়েছে।"
তিনি আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত আলোচনা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা আদায়ে কাজ করবেন। একই সঙ্গে নতুন প্রযোজকদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করে তুলতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার উদ্যোগ নেয়ার কথা জানান। প্রযোজকদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখাকেও তিনি অগ্রাধিকার দেবেন।
উজ্জ্বলের মতে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এফবিসিসিআইয়ের বিধিমালা অনুযায়ী পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। নির্বাচিত হলে তিনি সংগঠনের সাংগঠনিক ও অবকাঠামোগত উন্নয়নে এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন।
দীর্ঘদিন পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রযোজকদের ঐক্যবদ্ধ করে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান সত্তর দশকের জনপ্রিয় এ চিত্রনায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন