০৮:৩০ পি.এম
দীর্ঘ তিন দশক পর অবশেষে মুক্ত হলো কুমিল্লা নগরীর ব্যস্ততম টমছমব্রিজ সড়ক। সড়কের ওপর ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজারের উচ্ছেদ করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। রবিবার (১৯ জুলাই) বিকালে পরিচালিত এই বিশেষ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এই বাজারের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হতো নগরবাসীকে। এই বাজারটি অপসারণ করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। নগরবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় টমছমব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট লেগে থাকত। এতে নগরবাসীর পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। আজ বিকালে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
অভিযান চলাকালে উচ্ছেদ হওয়া টমছমব্রিজ কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী জাবেদ বলেন, ‘আগে থেকেই উচ্ছেদের বিষয়টি আমাদের জানানো হয়েছিল। আমরা কোনোভাবে টিকে থাকার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো। এখন এই মালামাল নিয়ে কোথায় যাব?’
একই বাজারের সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন বলেন, ‘আমার দোকানটি ভেঙে ফেলা হয়েছে। কোনো রকমে মালামাল সরাতে পেরেছি। আমরা এখানে ভাড়া দিয়ে ব্যবসা করতাম।’
উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, ‘নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘যেকোনো স্থাপনা উচ্ছেদের আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়। যারা সেই নোটিশ মানেন না, কেবল তাদেরই অপসারণ করা হয়েছে। সড়কের ওপর যত অবৈধ স্থাপনা থাকবে, সবগুলোই আইনানুগভাবে উচ্ছেদ করা হবে।’
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
অভিযান চলাকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন এবং কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন