০৩:০২ পি.এম
বিশ্বের কয়েকটি দেশে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে আইফোন ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি খুঁজে পাচ্ছেন না এবং ডাউনলোড করতে পারছেন না।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে যে, মঙ্গলবার (৪ আগস্ট) তারিখ থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অনুপলব্ধ হয়ে গেছে।
তবে, যেসব আইফোনে টেলিগ্রাম অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, সেগুলোতে অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ নতুন করে ডাউনলোডে সমস্যা সৃষ্টি হলেও বিদ্যমান ব্যবহারকারীদের জন্য সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার স্থানীয় অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে টেলিগ্রাম এখনও স্বাভাবিকভাবে ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে।
টেলিগ্রাম কেন আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কারিগরি ত্রুটি নাকি কোনো নীতিগত সিদ্ধান্ত সেই বিষয়ে এখন পর্যন্ত অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
এর আগে, গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা Pavel Durov-কে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।
এ ছাড়া, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারও টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
অ্যাপ স্টোরে টেলিগ্রামের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে এখন অ্যাপল ও টেলিগ্রাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য প্রযুক্তি বিশ্ব অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন