ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী


সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৫-এর আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।

আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

তিনি বলেন, জুলাই সনদ প্রণয়নে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে, যাতে জুলাই সনদের চেতনা বাস্তবায়িত হয়।

মন্ত্রী জানান, প্রথমে ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা ছিল। এতে সাতজন বিএনপির সংসদ সদস্য, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের চারজন সদস্য, একজন স্বতন্ত্র সদস্য এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা করা হয়েছিল। তবে বিরোধী দল এখনো তাদের সদস্যদের নাম দেননি। তারপরও তাদের জন্য কমিটির দরজা খোলা রয়েছে এবং তারা নাম দিলে তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, বিরোধী দল কমিটিতে যোগ না দিলেও জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনায় থাকবে। তবে যৌক্তিক সমালোচনা ও পরামর্শ গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রস্তাবগুলো হুবহু ভাষায় নয়, বরং সাংবিধানিক ও আইনি পরিভাষায় সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও নির্বাচন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এগুলোও জুলাই সনদের অংশ। তবে যেখানে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে এবং তা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেখানে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী সেই অবস্থান বিবেচনায় নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে পুরো সংবিধান পর্যালোচনা করতে হবে, যাতে এর বিভিন্ন ধারার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। একই সঙ্গে ভারতের ‘বেসিক স্ট্রাকচার থিওরি’সহ সাংবিধানিক আইনশাস্ত্রের প্রতিষ্ঠিত নীতিগুলোও বিবেচনায় নেওয়া হবে। আবেগ নয়, আইনি ও সাংবিধানিক ভিত্তিতেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধন স্বল্পমেয়াদি কোনো উদ্দেশ্যে নয়; ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়েই এটি করা হচ্ছে। তাই প্রয়োজনীয় সময় নিয়েই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ভারতের সংবিধান ১৯৫০ সাল থেকে শতাধিকবার সংশোধিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সংবিধানেও একাধিক সংশোধনী আনা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।

আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সমঝোতার ভিত্তিকভাবে সংবিধানের সংস্কার করতে চাচ্ছে, যা সার্বিক জনপ্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য যা কিছু প্রয়োজন, তা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়গুলো উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই দিন ও তারিখ নির্ধারণ করা হবে। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের পাঁচটি সদস্যের নাম দেওয়ার কথা থাকলেও, তা এখনো পাওয়া যায়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল তা দ্রুত অনুধাবন করে নাম পাঠাবেন।

বিরোধী দলের সদস্যরা বৈঠকে বসলে তাঁদের স্বাগতম জানানো হবে, এবং বৈঠকের বাইরে তাঁদের লেখা সুপারিশগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব এবং প্রতিবেদন তৈরি করা হবে, বলেও জানান তিনি।

সংবিধান সংশোধন নিয়ে কোনো বড় চ্যালেঞ্জ রয়েছে কি না- জিজ্ঞেস করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, এটিকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে প্রত্যাশা হিসেবে দেখছেন তাঁরা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং জাতির সদাহাস্য আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের ধারা তৈরিতে কাজ করতে বদ্ধপরিকর এই কমিটি। এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখার জন্য সংবিধান সংস্কার করা প্রথম পদক্ষেপ।

তিনি আরও জানান, কেবল রাজনীতিবিদ নয়, সমাজের সর্বস্তরের মানুষ ও পেশাজীবী সংগঠনগুলো যদি আগ্রহ প্রকাশ করেন, তবে তাঁদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করা হবে।

অতএব, আলোচনা শেষ করার জন্য নির্দিষ্ট সময় এখনই জানানো হচ্ছে না।

রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের সংগৃহীত বিষয়গুলো এবং যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে। এর পাশাপাশি সরকারী দলের নিজস্ব নির্বাচনী ইশতেহার ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত করে সর্বজনগ্রাহ্য একটি সংবিধানের সংস্কারের পথনির্দেশ করবে কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় আকাশছোঁয়া কাঁচামরিচের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


পাবনায় আকাশছোঁয়া কাঁচামরিচের দাম

বর্ষাকালের টানা বৃষ্টির ফলে পাবনার কাঁচাবাজারে পড়েছে প্রভাব। সরবরাহ কম থাকায় বেশির ভাগ সবজির দাম বেড়েছে। গত দুই সপ্তাহের মধ্যে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। জেলার বিভিন্ন এলাকায় কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকায়। কাঁচামরিচের এই অস্বাভাবিক দামে সাধারণ মানুষের মধ্যে বিপদ নেমে এসেছে। তবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এছাড়া বেগুন, পটল, পটোলা (স্থানীয়ভাবে পোল্লা), ঝিঙে, করলা, শশাসহ অধিকাংশ সবজির দামও বেড়েছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাবনার বড়বাজার, মাসুম বাজার, দাশুড়িয়া বাজার, বেড়া সিঅ্যান্ডবি চত্বর বাজার, সাঁথিয়া বাজার ও কাশীনাথপুর বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এসব বাজারে বর্তমানে কাঁচামরিচ ২৮০-৩৫০ টাকা, পেঁয়াজ ৫০-৫৫ টাকা, শশা ৫০-৬০ টাকা, আলু ২৫-৩০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, পটল ৬০-৭০ টাকা, করলা ৮০-১০০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, ঝিঙে ৬০-৭০ টাকা, মুখিকচু ৬০-৭০ টাকা, মুলা ৬০-৮০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা এবং আগাম জাতের শিম ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতিটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং চালকুমড়া প্রতিটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলু, পেঁপে ও পোল্লার দাম তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তি ক্রেতাদের মধ্যে রয়েছে।

জানা গেছে, আষাঢ় ও শ্রাবণ মাসের ভারী বর্ষণে পাবনার অধিকাংশ আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার ফলে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় বেগুন, মরিচ, পটলসহ বিভিন্ন সবজির গাছ নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

দাশুড়িয়া এলাকার ফটোস্ট্যাট ও স্টুডিও ব্যবসায়ী তুহিন জানান, মরিচসহ অন্যান্য তরকারির দাম বাড়ছে, যার কারণে তাদের মতো মধ্যবিত্তদের টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেও চার থেকে পাঁচ সদস্যের পরিবারের এক সপ্তাহের কাঁচাবাজার (সয়াবিন তেলসহ) হয় না। এভাবে চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

আতাইকুলা এলাকার কৃষক ইকবাল হোসেন বলেন, বাজার করতে গিয়ে কাঁচা তরিতরকারির দাম দেখে তিনি হতবাক হয়েছেন। কাঁচামরিচ না কিনেই ফিরে এসেছেন। যদি এভাবে চলতে থাকে, তবে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

নাকালিয়া নয়নপুর এলাকার গৃহবধূ জেসমিন আক্তার বলেন, তারা নিম্ন আয়ের মানুষ। দিনমজুরির আয়ে সংসার চলে। ৭০-৮০ টাকার এক পোয়া কাঁচামরিচ কেনার সামর্থ্য তাদের নেই। বাধ্য হয়ে মরিচ ছাড়া তরকারি রান্না করছে তারা।

পাবনার মাসুম বাজারের এক কাঁচামাল ব্যবসায়ী জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। দাম বাড়ায় ক্রেতার সংখ্যাও কমে গিয়েছে। তারা অন্য এলাকা থেকে পণ্য কিনে এনে বিক্রি করে। বিক্রি কম হওয়ায় অনেক কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক জানান, তাদের সীমিত বেতনের চাকরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থে দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পাবনা জেলার বিভিন্ন এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, বৈরী আবহাওয়া, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা এবং কিছু অসাধু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার প্রবণতা সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি জোরদার করা জরুরি।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের সিল্কসিটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এটি জানিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

এ ঘটনা ঘটার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বর্তমানে বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্থানে আটকা পড়েছে ৫টি ট্রেন, যার মধ্যে রয়েছে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার। বিশেষ করে বৃষ্টির জন্য ভোগান্তি এখন আরো বেড়ে গেছে।

দুপুরে আড়াইটার দিকে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

একটি খবর অনুযায়ী, পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ এবং পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম, মনসুর আলী ষ্টেশনে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, যান্ত্রিক ক্রটির কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, শহীদ এম, মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির ২টি চাকার সংযোগ আলাদা হয়ে গেছে। একটি চাকা খুলে লাইনের বাইরে ছিটকে পড়েছে। পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

উদ্ধার প্রক্রিয়ার জন্য ট্রেনটি উদ্ধার করতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত বিষয়সমূহের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে।

এই পরীক্ষাগুলো চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে, আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারির পরীক্ষা নেওয়া হবে।

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। ২৭ আগস্ট সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা।

৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই নির্ধারিত আসনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে, ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%