০৫:৪৬ পি.এম
রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। শিক্ষার উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য প্রয়োজনীয় সবকিছু করবে সরকার।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারা দেশের নেতৃত্ব দেবে। সরকার এই শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করছে। এই প্রতিষ্ঠান এসএসসি পর্যন্ত সীমাবদ্ধ নয়। আগামীতে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করার বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করুন। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা
তিনি আরও বলেন, স্কুলের সঙ্গে খেলার মাঠগুলো অবশ্যই ভালো অবস্থায় থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারে।
মন্ত্রী বলেন, আগে যদি কেউ উন্নয়ন করে থাকে, তাহলে অবশ্যই আপনাদের তা মুছে ফেলতে হবে না। এটি করা যাবে না। যার যা সম্মান প্রাপ্য, তা তাকে দিতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ করে বিদেশে দেশি মাছ রপ্তানি করা যায় কিনা, সে বিষয়েও কাজ করা হবে। অনেকেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি তুলছেন, সেটি করার জন্য পর্যাপ্ত জায়গা এবং লোকবল প্রয়োজন। আপাতত এখান থেকে কার্গো বিমান চালু করা যায় কিনা, সে বিষয়টি দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বোয়ালিয়ায় অবস্থিত শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চারবার সেরা ওসি হলেন রাকিবুল হাসান
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়। পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ এবং বৈদ্যুতিক কাজসহ এই ছয় তলা ভবনটির পেছনে মোট দরপত্র মূল্য বা ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কেটি ৩১ লাখ ৩ হাজার ২০ শত) টাকা।
২০২৩-২০২৪ অর্থ বছরের এই প্রকল্পের কার্যাদেশ প্রদান করা হয় ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দে। ভবনটির নির্মাণকাজ ২১ মাস মেয়াদের মধ্যে সম্পন্ন হয়েছে।
নতুন এই ভবন ও আধুনিক সুবিধাসমূহ চালুর ফলে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন