ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: তথ্য কমিশন ৪ দিনে ২৫টি অভিযোগের শুনানি, ২০টি নিষ্পত্তি

আদালত সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী ছালেহা বেগম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন। ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছালেহা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আসামি মোবারক হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরো ২-৩ জন ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সহযোগীরা ছালেহার পা ধরে রাখলে মোবারক হোসেন হাতে থাকা ধারালো বড় ছোরা দিয়ে গলায় কোপ মেরে তাকে নৃশংসভাবে হত্যা করেন। সেই সময় সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এই ঘটনার পর আড়াইহাজার থানা পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহতের মেয়ে সুমাইয়া (১১) ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজার থানায় মামলা রুজু হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আসামি মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিনের খাবার পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


প্রতিদিনের খাবার পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে: গবেষণা

সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে অনেকেই বিভিন্ন খাবার গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম হলো দুধ, যা পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। এটি ক্যালসিয়াম, প্রোটিনসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, প্রাণিজ প্রোটিন, বিশেষ করে দুগ্ধজাত প্রোটিন গ্রহণের ফলে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এই বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

নতুন গবেষণা যা বলছে

২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাটি। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকরা এতে ৪২ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫৪৬ জন পুরুষের খাদ্যাভ্যাস ও হরমোনের মাত্রা বিশ্লেষণ করেছেন। অংশগ্রহণকারীদের চার দিনের খাদ্যতালিকা পর্যালোচনা করে তারা কোন উৎস থেকে কতটা প্রোটিন গ্রহণ করছেন, তা নির্ধারণ করেন। পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টেস্টোস্টেরন ও সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) হরমোনের মাত্রা পরিমাপ করা হয়।

গবেষণার ফলাফল অনুযায়ী, যেসব পুরুষ সবচেয়ে বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করেছেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম প্রাণিজ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে ১ দশমিক ২ ন্যানোমোল/লিটার কম পাওয়া গেছে। অন্যদিকে, উদ্ভিজ্জ প্রোটিন বেশি গ্রহণকারীদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। তাদের টেস্টোস্টেরনের মাত্রা কম উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে ১ দশমিক ১ ন্যানোমোল/লিটার বেশি ছিল। গবেষণায় দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন ও এসএইচবিজি হরমোনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাংস থেকে পাওয়া প্রোটিনের ক্ষেত্রে টেস্টোস্টেরনের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

তাহলে কি দুধ পান করলে টেস্টোস্টেরন কমে যায়?

গবেষণার ফলাফল এমন প্রশ্ন তৈরি করেছে, তবে বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, গবেষকেরা কাউকে নির্দিষ্ট পরিমাণ দুধ পান করিয়ে তার হরমোনের পরিবর্তন পরীক্ষা করেননি। বরং অংশগ্রহণকারীদের আগে থেকেই থাকা খাদ্যাভ্যাস এবং রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন। অর্থাৎ, দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার একটি সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু দুধ পান করাই যে হরমোন কমে যাওয়ার কারণ, তা প্রমাণিত হয়নি।

এছাড়া, গবেষণাটি ফিনল্যান্ডের ৪২ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের নিয়ে করা হয়েছে। ফলে এর ফলাফল সব বয়সী পুরুষ কিংবা বিশ্বের অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না।

পুরুষদের কি দুধ পান বন্ধ করা উচিত?

শুধু এই গবেষণার ফলাফলের ভিত্তিতে দুধ পান বন্ধ করার প্রয়োজন নেই। দুধ প্রোটিন, ক্যালসিয়ামসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতেও এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা শুধুমাত্র খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না। ঘুমের অভাব, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা এবং কিছু শারীরিক সমস্যাও এই হরমোনের মাত্রায় প্রভাব ফেলতে পারে।

পুরুষদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করা কিংবা পেশির শক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। প্রয়োজন হলে রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা যাচাই করা যায়।

গবেষণা যা জানা গেল

নতুন এই গবেষণা পুরুষের হরমোনের ওপর বিভিন্ন ধরনের প্রোটিনের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে। এতে দুগ্ধজাত প্রোটিনের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেলেও দুধ পান করলে পুরুষের টেস্টোস্টেরন কমে যায়, এমন প্রমাণ মেলেনি। তাই শুধু টেস্টোস্টেরন কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যতালিকা থেকে দুধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%