ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তথ্য কমিশন ৪ দিনে ২৫টি অভিযোগের শুনানি, ২০টি নিষ্পত্তি


তথ্য কমিশন ৪ দিনে ২৫টি অভিযোগের শুনানি, ২০টি নিষ্পত্তি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : তথ্য কমিশন পুনর্গঠনের পর চার দিনের মধ্যে ২৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া পাঁচটির জন্য পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আজ তথ্য অধিকার আইনের আওতায় সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি দুটির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আজকের অভিযোগগুলোর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ, গৃহীত সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও আবেদনকারীরা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআইএ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিআইএ ফুটবল কাপ ২০২৬’, যার স্লোগান হলো ‘টিম ওয়ার্ক বিল্ডস বিজনেস’।

এই ফুটবল টুর্নামেন্ট আগামী ২৭ নভেম্বর রাজধানীর (পূর্বাচলে) বেরাইদ এথলেট হাবে শুরু হবে। এতে অংশগ্রহণ করবে দেশের ১২টি স্বনামধন্য সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

এ উপলক্ষে আজ রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য, ম্যাচের ড্র এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিসিআইএ পরিচালক আব্দুল হাকিম সুমন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিআইএ সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট রাশিদ মাইমুনুল ইসলাম, মহাসচিব এরফান উদ্দিন এবং পরিচালক হামজা সাকিফ তাবানী।

সংবাদ সম্মেলনে বিসিআইএ সভাপতি মইনুল ইসলাম জানান, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, "এ ধরনের উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত কাজের মনোভাব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।"

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান হলো— বিসিএল সিরামিকস, আলী সিরামিকস, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিকস, আরএকে সিরামিকস, স্টিলা সিরামিকস ও শেলটেক সিরামিকস।

টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চীনের কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।

এছাড়া সহযোগী পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন, ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

এ ছাড়া ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফাইন্যান্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আইপিডিসি।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের সিরামিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বেনজির আহমেদ পলাশ (৪১)। তিনি তেঘরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র। কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনারুল মালিথা (৪৮), যিনি মজিহাট গ্রামের মৃত তানজেল মালিথার সন্তান।

এছাড়া, মিরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান ওরফে নাছিম (৫২) গ্রেফতার হয়েছেন। তিনি কুরিপোল গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। মিরপুর উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম (৫৯), যিনি মহিষাখোলা গ্রামের শহীদ সামসুদ্দিন আহমেদের ছেলে।

অপর একজন হলেন আমলা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন (১৯)। তিনি আমলা উত্তরপাড়া গ্রামের মো. ইব্রাহিম ওরফে চলনের সন্তান।

পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী। তারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় পূর্বে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া পাঁচজনকে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসংখ্যা বাড়লেও বিশ্ব রাজনীতিতে মুসলিম নেতৃত্বের প্রভাব সীমিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


জনসংখ্যা বাড়লেও বিশ্ব রাজনীতিতে মুসলিম নেতৃত্বের প্রভাব সীমিত

২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকবে। ফলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানরা। আর তখন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস হবে পাকিস্তানে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে।

তবে মুসলিম জনসংখ্যা বাড়ার এই পূর্বাভাসকে নিছক উদ্‌যাপনের বিষয় নয়। বিশ্বে মুসলমানের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বব্যবস্থায় মুসলিম বিশ্বের ক্ষমতা ও প্রভাব এখনো সীমিত। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১, আর খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে তা ২ দশমিক ৫। মুসলমানদের মধ্যম বয়স ২৪ বছর, যেখানে খ্রিষ্টানদের মধ্যম বয়স ৩১ বছর। তুলনামূলক বেশি প্রজনন হার এবং তরুণ জনগোষ্ঠীর কারণে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে।

দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বেশি। একই সঙ্গে সাব-সাহারান আফ্রিকায় খ্রিষ্টানদের সন্তান জন্মদানের হার ইউরোপের তুলনায় অনেক বেশি। পিউর পূর্বাভাস অনুযায়ী, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে। অন্যদিকে, মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠবে পাকিস্তান।

তবে পাকিস্তান ও ডিআর কঙ্গো—দুটি দেশই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়লেই এসব দেশের মানুষের জীবনমান উন্নত হবে, এমন নিশ্চয়তা নেই।

পাকিস্তানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে তরুণ জনগণের অনুপাত বাড়ছে, যাকে জনসংখ্যাবিদেরা ‘ইয়ুথ বাল্জ’ বা তরুণ জনগোষ্ঠীর আধিক্য বলে থাকেন। দেশটিতে লাখ লাখ তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, শুধু গত বছরই ৭ লাখ ৬২ হাজারের বেশি মানুষ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের অধিকাংশই তরুণ।

আগামী বছরগুলোতে এ পরিস্থিতি আরো জটিল হতে পারে। পাকিস্তানের বেশির ভাগ অভিবাসী আরব দেশগুলোতে কাজের সন্ধানে গেলেও সেসব দেশের নিজস্ব শ্রমবাজার ও কর্মসংস্থানসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। অন্যদিকে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের ক্রমবর্ধমান সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়া বাড়ছে। এসব জায়গায় মুসলমানদের প্রায়ই সন্দেহের চোখে দেখা হয়। এ বাস্তবতায় পিউর জনসংখ্যা-সংক্রান্ত পূর্বাভাস নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। মুসলমানরা সংখ্যায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হলেও মানবিক মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে তারা কি অন্য ধর্মাবলম্বীদের সমান অবস্থান পাবেন?

অন্যদিকে, তুলনামূলক ধনী ও শিক্ষিত মুসলিম দেশগুলোর জনসংখ্যাগত পরিস্থিতি ভিন্ন। ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাতে সন্তান জন্মদানের হার ইতিমধ্যে জনসংখ্যা প্রতিস্থাপনের প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেছে।

এসব দেশে ভবিষ্যতে নতুন ধরনের সংকট তৈরি হতে পারে। পশ্চিমা দেশগুলোর মতো বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে কর্মক্ষম জনগোষ্ঠী কমে যেতে পারে। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক ব্যয় সামলাতে রাষ্ট্রকে বাড়তি চাপের মুখে পড়তে হবে। অর্থাৎ পাকিস্তানের মতো কিছু দেশকে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, আবার অন্য দেশগুলোকে মোকাবিলা করতে হবে বয়স্ক জনগোষ্ঠীর বাড়তি চাপ।

জনসংখ্যার পরিবর্তন রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে। তুরস্কের বিভিন্ন অঞ্চলে সন্তান জন্মদানের হারে পার্থক্য থাকায় জাতিগত ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তুর্কি পরিচয় দেশটির অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় সংখ্যাগত, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী হওয়ায় এ পরিবর্তন ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।

এদিকে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে সাম্প্রতিক আন্দোলনগুলোও রাষ্ট্রগুলোর জন্য সতর্কবার্তা। কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে হতাশ তরুণদের অসন্তোষ বাস্তব। দমনমূলক কৌশলে আন্দোলন থামানোর চেষ্টা করলেও এই ক্ষোভ উপেক্ষা করা সম্ভব নয়।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে তরুণদের আন্দোলনের মুখে সরকার পতনের উদাহরণ বড় বার্তা। পাকিস্তানে এখনো এ ধরনের বড় আন্দোলন দেখা না গেলেও দেশটির তরুণ জনগোষ্ঠী ক্রমেই বাড়ছে। রাষ্ট্র যদি তরুণদের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে বিপ্লবী আন্দোলনের ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতির সুযোগ উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো তরুণদের ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে নিতে পারে।

এ কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তরুণদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সুফি ঐতিহ্যের সঙ্গে যুক্ত সহনশীলতার চর্চা বাড়াতে হবে। জনসংখ্যার অনুপাত পরিবর্তন হলেই বিশ্বক্ষমতার ভারসাম্য বদলে যায় না। তবে এসব পরিসংখ্যান মুসলমান ও অন্যান্য প্রধান ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্যমান বৈষম্য নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ভিত্তি দেয়।

পাকিস্তান অচিরেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে সীমিত সম্পদ দেশটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে রাষ্ট্র যদি তরুণদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত সুযোগ নিশ্চিত করতে পারে, তাহলে ভবিষ্যতে বিশ্বপরিসরে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এসএসসির ১১ বিষয়ের নম্বর জালিয়াতির অভিযোগে ৩ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


চট্টগ্রামে এসএসসির ১১ বিষয়ের নম্বর জালিয়াতির অভিযোগে ৩ গ্রেফতার

এসএসসি পরীক্ষায় ১১ বিষয়ের নম্বর জালিয়াতির মাধ্যমে ফলাফল বৃদ্ধি করার অভিযোগে চট্টগ্রামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২২ নভেম্বর) সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফরহাদুল ইসলাম (২৯), হালিশহর এলাকার শাহিদুল আলম জিসান (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মো. আব্দুল মালেক (৫৬)।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানের সময় জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন এবং মূল পরীক্ষার উত্তরপত্রসহ ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

সিআইডি জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক পরীক্ষার্থীর নম্বর জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি লক্ষ্য করা যায়।

তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ হলেও প্রকাশিত ফলে ৩৩ নম্বর দেখানো হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২ নম্বর দেখানো হয়েছে।

এছাড়া গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%