ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রীপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়া


শ্রীপুরে শ্রমিক-বিএনপি সংঘর্ষ, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেন্দ্রস্থল চৌরাস্তায় আন্দোলনরত শ্রমিকদের সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং লাঠিপেটার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার ফলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুরের দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক মিছিল নিয়ে শ্রীপুর চৌরাস্তায় জড়ো হন।

আরও পড়ুন: ইরান আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের

একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ পৌর শহরের বিভিন্ন দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পরিণত হয়। একপর্যায়ে লাঠিপেটার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে আন্দোলনরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান। সংঘর্ষের কারণে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে রাস্তা বিরোধে যুবদল নেতা সোহেল মিয়া বল্লমের আঘাতে নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ইরান আন্তর্জাতিক বিচারের দ্বারস্থ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পাশাপাশি মিনাব শহরের একটি স্কুলে সংঘটিত প্রাণঘাতী হামলার কারণে তেহরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের আদালতে মামলা দায়ের করেছে। এই ঘটনাগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক আদালত ও বিচারব্যবস্থার সাহায্য নিচ্ছে দেশটি।

আলজাজিরা জানাচ্ছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে। ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি উল্লেখ করেছেন, যেসব আদালত এসব মামলার বিচারিক এখতিয়ার গ্রহণ করেছে, সেসব আদালতে আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, মামলাগুলো নথিভুক্ত ও প্রামাণ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে কিছু মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য মামলাগুলো নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে।

জাতিসংঘের সমর্থিত মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি মিনাবের স্কুলটিতে যুক্তরাষ্ট্রের পরিচালিত দুটি বিমান হামলায় ১৭৮ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা যুদ্ধাপরাধের সংজ্ঞায় পড়তে পারে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১২০ জন শিশু ছিল। ওই দিন থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। মিনাবের স্কুলে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী থানার খাদিমারচর এলাকার মৃত আবুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী ছালেহা বেগম হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে দেশে ফিরেছিলেন। ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছালেহা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আসামি মোবারক হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরো ২-৩ জন ঘরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, সহযোগীরা ছালেহার পা ধরে রাখলে মোবারক হোসেন হাতে থাকা ধারালো বড় ছোরা দিয়ে গলায় কোপ মেরে তাকে নৃশংসভাবে হত্যা করেন। সেই সময় সন্তানদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর ছালেহার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এই ঘটনার পর আড়াইহাজার থানা পুলিশ মোবারক হোসেনকে আটক করে। পরে নিহতের মেয়ে সুমাইয়া (১১) ও ছোট বোন পারভীনসহ স্বজনদের অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের ৯ অক্টোবর আড়াইহাজার থানায় মামলা রুজু হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল আসামি মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিনের খাবার পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


প্রতিদিনের খাবার পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে: গবেষণা

সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে অনেকেই বিভিন্ন খাবার গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম হলো দুধ, যা পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। এটি ক্যালসিয়াম, প্রোটিনসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের উৎস। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, প্রাণিজ প্রোটিন, বিশেষ করে দুগ্ধজাত প্রোটিন গ্রহণের ফলে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এই বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

নতুন গবেষণা যা বলছে

২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাটি। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের গবেষকরা এতে ৪২ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫৪৬ জন পুরুষের খাদ্যাভ্যাস ও হরমোনের মাত্রা বিশ্লেষণ করেছেন। অংশগ্রহণকারীদের চার দিনের খাদ্যতালিকা পর্যালোচনা করে তারা কোন উৎস থেকে কতটা প্রোটিন গ্রহণ করছেন, তা নির্ধারণ করেন। পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে তাদের টেস্টোস্টেরন ও সেক্স হরমোন-বাইন্ডিং গ্লোবুলিন (এসএইচবিজি) হরমোনের মাত্রা পরিমাপ করা হয়।

গবেষণার ফলাফল অনুযায়ী, যেসব পুরুষ সবচেয়ে বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করেছেন, তাদের টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম প্রাণিজ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে ১ দশমিক ২ ন্যানোমোল/লিটার কম পাওয়া গেছে। অন্যদিকে, উদ্ভিজ্জ প্রোটিন বেশি গ্রহণকারীদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। তাদের টেস্টোস্টেরনের মাত্রা কম উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণকারীদের তুলনায় গড়ে ১ দশমিক ১ ন্যানোমোল/লিটার বেশি ছিল। গবেষণায় দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গেও টেস্টোস্টেরন ও এসএইচবিজি হরমোনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাংস থেকে পাওয়া প্রোটিনের ক্ষেত্রে টেস্টোস্টেরনের সঙ্গে স্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

তাহলে কি দুধ পান করলে টেস্টোস্টেরন কমে যায়?

গবেষণার ফলাফল এমন প্রশ্ন তৈরি করেছে, তবে বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, গবেষকেরা কাউকে নির্দিষ্ট পরিমাণ দুধ পান করিয়ে তার হরমোনের পরিবর্তন পরীক্ষা করেননি। বরং অংশগ্রহণকারীদের আগে থেকেই থাকা খাদ্যাভ্যাস এবং রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন। অর্থাৎ, দুগ্ধজাত প্রোটিন গ্রহণের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার একটি সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু দুধ পান করাই যে হরমোন কমে যাওয়ার কারণ, তা প্রমাণিত হয়নি।

এছাড়া, গবেষণাটি ফিনল্যান্ডের ৪২ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের নিয়ে করা হয়েছে। ফলে এর ফলাফল সব বয়সী পুরুষ কিংবা বিশ্বের অন্যান্য দেশের মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে, এমনটা নিশ্চিত করে বলা যায় না।

পুরুষদের কি দুধ পান বন্ধ করা উচিত?

শুধু এই গবেষণার ফলাফলের ভিত্তিতে দুধ পান বন্ধ করার প্রয়োজন নেই। দুধ প্রোটিন, ক্যালসিয়ামসহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতেও এসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা শুধুমাত্র খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে না। ঘুমের অভাব, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা এবং কিছু শারীরিক সমস্যাও এই হরমোনের মাত্রায় প্রভাব ফেলতে পারে।

পুরুষদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভব করা কিংবা পেশির শক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। প্রয়োজন হলে রক্ত পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা যাচাই করা যায়।

গবেষণা যা জানা গেল

নতুন এই গবেষণা পুরুষের হরমোনের ওপর বিভিন্ন ধরনের প্রোটিনের সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে। এতে দুগ্ধজাত প্রোটিনের সঙ্গে টেস্টোস্টেরনের কম মাত্রার সম্পর্ক পাওয়া গেলেও দুধ পান করলে পুরুষের টেস্টোস্টেরন কমে যায়, এমন প্রমাণ মেলেনি। তাই শুধু টেস্টোস্টেরন কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যতালিকা থেকে দুধ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%