মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি
১১:৩৩ এম
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মো. হারুন চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে লংগদু থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা/আসামি হিসেবে পলাতক ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, হারুন চৌধুরী লংগদু থানার মামলা নম্বর-০৪, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫-এর আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৫/৩৮০/৪৩৬/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার মৃত রহিম দাদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাবা এবং ফুটবল ক্যারিয়ারের আজীবন ছায়াসঙ্গী হোর্হে মেসিকে হারিয়ে প্রায় একেবারে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। রোজারিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ বিদায় জানানো হয়েছে হোর্হেকে।
বাবার শেষকৃত্য ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর অভিজ্ঞতা থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা; আপাতত যুক্তরাষ্ট্রে ফেরার সময়টা পিছিয়ে দিয়েছেন তিনি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রিয়জনকে হারিয়ে বিভিন্ন কারণে ভেঙে পড়া মেসি, যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে পরিবারের সঙ্গে একান্তে আরও কিছু সময় কাটাতে ইচ্ছুক। শনিবার রাতে তিনি নিজ দেশের আর্জেন্টিনায় পা রাখেন। বাবাকে যেখানে শেষ শয্যা দেওয়া হয়েছে, পুরো রাতটি সেখানে কাটান তিনি।
রোববার বিকেলে সমাধিক্ষেত্র থেকে বের হন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। এর কয়েক ঘণ্টা পর মেসি কেন্টাকি প্রদেশের ফুনেস শহরে তার সুরক্ষিত আবাসিক কমপ্লেক্সে ফিরে যান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ইনফোবে’র বরাতে জানা গেছে, ঘটনাগুলো ছিল বেশ পার্থক্যপূর্ণ। মেসির মতো বিশ্বখ্যাত তারকা যেখানেই যান, সংবাদ ছড়িয়ে পড়ে নিমেষে; কিন্তু তার আগমন কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার প্রায় কোনো তথ্যই বাহিরে ফাঁস হতে দেওয়া হয়নি।
শনিবার রাতে ফোর্ড লডারডেল থেকে একটি চার্টার্ড বিমানে চড়ে ফিশারটনের আইসলাস মালভিনাস এয়ারপোর্টে নামেন তিনি। বিমানবন্দর থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে সোজা চলে যান পেরেজ সমাধিক্ষেত্রে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর ভাই ও অন্যান্য ঘনিষ্ঠজনেরা।
একেবারে নিরিবিলিতে এবং গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন হয় হোর্হের শেষকৃত্য। অল্প কিছু সাধারণ মানুষ সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পান এবং শিশুরা ভালোবাসার প্রতীক হিসেবে কিছু স্মারক রেখে যায়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর পক্ষ থেকে ফুল পাঠানো হয়েছিল, আর জাতীয় দলের কিছু কোচিং স্টাফ উপস্থিত ছিলেন সরাসরি।
মেসির পরিবারকে নিয়ে যখন একটি কালো এসইউভি গাড়ি সমাধিক্ষেত্রে প্রবেশ করছিল, তখন বাইরে থেকে এক ভক্ত উচ্চস্বরে চিৎকার করে বলেন, ‘শক্ত থাকো লিও!’ একই বার্তা লেখা ছিল সমাধিকক্ষের পাশের গেটে ঝোলানো একটি ব্যানারেও। রোজারিওর কনকনে শীতের রাত যেন নীরবতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। কোনো ধরনের হইচই বা আলোড়ন ছাড়াই, অত্যন্ত শান্ত পরিবেশে শেষ বিদায় জানানো হয় হোর্হে মেসিকে। পুরো শহরবাসীও যেন নীরব থেকে আর্জেন্টিনা অধিনায়কের পারিবারিক প্রাইভেসির প্রতি শ্রদ্ধা দেখান।
এল প্রাদো থেকে মেসি স্বপরিবারে বের হওয়ার পর অনেকেই ভাবতে থাকেন, দুপুরের আগে হয়তো ফ্লোরিডার বিমান ধরবেন তাঁরা। তবে সেই বিমানটি খালিই উড়ে যায়। বিকেল তিনটার আগে, কেন্টাকির ঐ সুরক্ষিত আবাসনের সামনে মেসির দেখা মেলেনি।
ওই সময় বাইরে ডজনখানেক সাংবাদিকের উপস্থিতি থাকলেও, পরিবেশ ছিল থমথমে। প্রতিবেশীরা সবাই জানতেন ভিতরে কে আছেন, কিন্তু শোকের এই কঠিন মুহূর্তে কেউ কোনো ছবি তোলা বা তাঁদের গোপনীয়তা ক্ষুণ্ন করার চেষ্টা করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যেকোনো চিন্তার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিফাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে সংস্থাটির জন্য এক ‘ভয়াবহ ভুল’ বলে মনে করেন।
সোমবার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ‘যেকোনো কারণেই হোক না কেন, প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে পদচ্যুত করার কথা চিন্তাও করলে ফিফা এক ভয়াবহ ভুল করে ফেলবে।’
ফিফা সভাপতির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প তাকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও দাবি করেছেন, ইনফান্তিনোর নেতৃত্বেই এই সময়ে সবচেয়ে সফল এবং চার গুণ বড় বিশ্বকাপের আয়োজন সম্ভব হয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘তিনি যদি পদচ্যুত হন, তাহলে ফিফা আর কখনোই এতটা সফল কিংবা লাভজনক জায়গায় পৌঁছাতে পারবে না।’
বিশ্বকাপ ফুটবলের মালিকানার একটি অংশ বেসরকারি ইক্যুইটি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে বর্তমানে ইনফান্তিনো তীব্র চাপের মুখে রয়েছেন।
এই ইস্যুতে সোমবার ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি খোলা চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনাকে ফিফার ওপর ‘আস্থার চরম বিশ্বাসঘাতকতা’ বলা হচ্ছে। চিঠিতে এসব সংস্থা তিনটি ফিফাকে সতর্ক করে জানায়, ‘যখন ছলচাতুরীর মাধ্যমে আস্থায় ফাটল ধরে এবং কোনো ব্যক্তি নিজেকে অর্পিত ক্ষমতার চেয়ে বড় ভাবতে শুরু করেন, তখন সেই দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়ে যায়।’
তবে এই পরিস্থিতির মাঝে ফিফা গত সপ্তাহে তাদের ব্যর্থ পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তারা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, বিতর্কিত সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সেই সাথে সংস্থাটির সততা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না এবং সুনাম রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও একটি কঠোর বার্তা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন মোল্লার একটি হাত বিস্ফোরণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকার গজনাইপুরে এ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ এবং তার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গুরুতর আহত মান্নান সরদারকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা ককটেল বিস্ফোরণের কারণে গুরুতর আহত হন। তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজন হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর গজনাইপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মূলনা ইউনিয়নের গজনাইপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ স্বাধীনতা উত্তর নাটোর থেকে মন্ত্রিসভার প্রথম সদস্য এবং বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন করার জন্য জেলার লালপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল ৪ টায় উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটলের কন্যা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন।
মরহুম পটলের বাড়ি সংলগ্ন গৌরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে।
এছাড়া, উপজেলার বিভিন্ন এতিমখানায় মিলাদ মাহফিল এবং এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণও করা হবে।
এক সময়ের তুখোড় বক্তা ফজলুর রহমান পটল ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত। এই নির্বাচনের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি নাটোর-১ আসন (লালপুর ও বাগাতিপাড়া) থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১-২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ