১০:৩৪ পি.এম
রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে শালবাগান থেকে গাছ কাটার অভিযোগ পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মারুফ মিয়ার বিরুদ্ধে উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বনপ্রহরী গাছগুলো আটক করেন।
বনপ্রহরী আশরাফুল ইসলাম জানান, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে গাছগুলো আটক করেন তিনি। এ সময় পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মারুফ মিয়াসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলে জানান আশরাফুল।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে ওই শালবাগান থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে গাছ কাটার ঘটনা অব্যাহত থাকলে একসময় বাগানটি গাছশূন্য হয়ে পড়বে।
আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান বলেন, ‘রাতের আঁধারে বন থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে বনের গাছ উজাড় হয়ে যাবে।’
আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বনের গাছ কেটে নেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
অভিযোগের বিষয়ে মারুফ মিয়া বলেন, ‘গাছগুলো আমার পৈতৃক সম্পত্তি। আমি লোকজন নিয়ে দুটি গাছ কেটেছি।’
বনপ্রহরী আশরাফুল ইসলাম বলেন, ‘আমার দায়িত্বের আওতায় ১৮টি মৌজা রয়েছে। ফলে সবসময় সব এলাকায় নজরদারি করা সম্ভব হয় না।’
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
পীরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা জুবাইদুল হাসান বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন