১০:৩৫ পি.এম
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে, শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) গাজীপুরের বাইমাইল নয়, বরং ঢাকার তাঁতীবাজার এলাকায় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার এবং ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকায় রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাতে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে, পুলিশের এক উপপরিদর্শক পিচ্চি রাজাকে শৌচকর্ম করানোর জন্য নামান। সেই সময় তিনি কৌশলে পালিয়ে যান। অন্য ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়। এদিকে সাত দিন পার হতে চললেও পিচ্চি রাজাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে এই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনা তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটি। তাদের মধ্যে থেকে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিনজনকে নজরদারিতে রাখা হয়েছে।
পর্যবেক্ষণ কমিটি জানায়, জিজ্ঞাসাবাদে সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যের কাছ থেকে এখনও ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এমনকি আসামি যে স্থান থেকে পালিয়ে গেছেন বলে প্রথমে বলা হয়েছিল, সেটিও সঠিক নয় বলে তদন্তে উঠে এসেছে। পালানোর স্থান নিয়ে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যরা একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। ফলে আসামি ঠিক কোথা থেকে পালিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, ‘সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তারা সঠিক কোনো তথ্য দিচ্ছেন না। আসামি কোন স্থান থেকে পালিয়েছেন, তা নিয়েও তারা একেক সময় একেক কথা বলছেন। যে স্থান থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটিও সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি। ঘটনার প্রকৃত স্থান ও কিভাবে আসামি পালিয়ে গেলেন, তা জানার চেষ্টা চলছে। তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, ‘প্রিজন ভ্যানে কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগার ফেরার মধ্যে কোথাও থামার সুযোগ নেই। বড় বিপদ হলে নিকটবর্তী থানায় থামাতে হবে। কিন্তু তারা (প্রিজন ভ্যানের সঙ্গে থাকা দায়িত্বরত পুলিশ) যে স্থানে থামানোর কথা বলছে, সেখানে থামানোর প্রশ্নই উঠে না। ওই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। আমাদের পর্যবেক্ষণের কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর বিভাগীয় মামলার কার্যক্রম শুরু হবে।’
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসামি পালানোর প্রকৃত স্থান, কিভাবে তিনি পুলিশের হেফাজত থেকে বের হয়ে গেলেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা—এসব বিষয় এখন গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যের বক্তব্যের অসংগতিও যাচাই করা হচ্ছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান বলেন, ‘একেক পুলিশ একেক তথ্য দিলেও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি সে (পিচ্চি রাজা) ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ঘটনার সঙ্গে তারা (দুই পুলিশ) জড়িত রয়েছে। আমরা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তারও করেছি। বিষয়টির আরো তদন্ত চলছে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মিরপুরের বাসিন্দারা চুরিতে অতিষ্ঠ, পুলিশ প্রতিরোধে উদ্যোগ নিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন