০২:৩০ এম
খ্যাতিমান বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া সংসারের দায়িত্ব নিয়ে বিদ্যমান লিঙ্গবৈষম্য দূর করার বিষয়ে একটি জোরালো বক্তব্য রাখেন। তার মতে, রান্না বা ঘর গোছানোর মতো কাজগুলোকে শুধুমাত্র নারীর কাজ হিসেবে বিবেচনা করা উচিত নয়। কারণ এগুলো মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনী মৌলিক দক্ষতা এবং একে কোনো নির্দিষ্ট লিঙ্গের ফ্রেমে বাঁধা যাবে না।
সম্প্রতি কান লায়ন্সে দেওয়া এক সাক্ষাতকারে প্রিয়াংকা ঘরে ঘরে প্রচলিত এই লিঙ্গভিত্তিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আজও অনেক পরিবারে রান্না করা, ঘর পরিষ্কার করা এবং প্রতিদিনের অন্যান্য কাজকে কেবলই নারীর দায়িত্ব হিসেবে দেখা হয়। এই প্রসঙ্গে নিজের স্পষ্ট মতামত তুলে ধরে প্রিয়াংকা বলেন, ‘ঘর পরিষ্কার রাখা এবং রান্না করা কোনো নির্দিষ্ট নারীর কাজ নয়। এগুলো প্রাপ্তবয়স্ক একজন মানুষের সাধারণ কাণ্ডজ্ঞান। নিজের অলসতাকে লিঙ্গবৈষম্যের অজুহাতে আড়াল করবেন না।’
এছাড়া, ৪৩ বছর বয়সী এই তারকা বিশ্বজুড়ে সিনেমা এবং গল্প বলার ধরনের পরিবর্তনশীল রূপ নিয়েও আলোকপাত করেন। সম্প্রতি মুক্তি পাওয়া হলিউডের সুপারন্যাচারাল হরর সিনেমা ‘অবসেশন’-এর সাফল্যের প্রশংসা করে তিনি জানান, প্রযুক্তির কল্যাণে এখন মানুষের জন্য নতুন কিছু সৃষ্টি করা অনেক সহজ হয়ে গেছে। প্রিয়াংকা বলেন, ‘আগে যদি কেউ চলচ্চিত্র নির্মাণে আসতে চাইতেন, তবে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিশ্চিত হতে হতো যে তিনি কি কাজ করবেন। এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা তখন সত্যিই খুব কঠিন ছিল।’
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
তবে বর্তমান সময়ের চিত্র তুলে ধরে তিনি যোগ করেন, ‘এখন আপনার মাথায় কোনো আইডিয়া থাকলে তা শুট করে ইউটিউবে আপলোড করে দিতে পারেন, যা পরবর্তী সময়ে ‘অবসেশন’-এর মতো সিনেমায় রূপ নিতে পারে। বিনোদন জগতের মানুষদের জন্য এটি একটি চমৎকার সময়।’ উল্লেখযোগ্য যে, কাজের ক্ষেত্রে খুব শিগগিরই হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রিয়াংকাকে একটি প্রজেক্টে দেখা যাবে। ‘ফরচুন ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি নিজে এই তথ্য নিশ্চিত করেছেন, কিন্তু এই কোলাবোরেশনটি নির্দিষ্ট কোনও সিনেমা, বিজ্ঞাপন নাকি দাতব্য উদ্যোগ—তা নিয়ে এখনই মুখ খোলেননি তিনি।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একইসাথে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গেও তিনি একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন, যা ইতোমধ্যে বিনোদন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। এছাড়া, হলিউডের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও বড় ধামাকা নিয়ে আসছেন প্রিয়াংকা। পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে তিনি অভিনয় করবেন, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন