১২:৪০ পি.এম
নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এ পরিবর্তন ২০ জুলাই থেকেই কার্যকর হবে। নতুন নিয়মে শিক্ষার্থীরা পড়াশোনার পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা পাবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ভিসার আবেদন ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগও পাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলতে এই পরিবর্তনগুলো করা হচ্ছে।
নিউজিল্যান্ড সরকারের মুল লক্ষ্য হল ভিসা প্রক্রিয়া সহজ করা এবং উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের অবস্থানকে আরও শক্তিশালী করা। বর্তমানে পাথওয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে একাধিক কোর্স সম্পন্ন করতে পারেন। এর মধ্যে ইংরেজি ভাষার কোর্স বা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ফলে প্রতিটি কোর্সের জন্য আলাদা স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয় না।
নতুন নিয়মে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মাধ্যমিক শিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। আগে ভিসায় নির্দিষ্ট ডিগ্রি ও বিষয় উল্লেখ থাকার কারণে বিষয় পরিবর্তন করতে নতুন ভিসার আবেদন করতে হতো। তবে ২০ জুলাই থেকে নতুন নিয়ম অনুসারে ভিসায় কেবল ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন থাকা সাপেক্ষে একই ডিগ্রির মধ্যে বিষয় পরিবর্তন করতে নতুন ভিসার প্রয়োজন হবে না।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান
এছাড়া, পাথওয়ে স্টুডেন্ট ভিসার আওতা বাড়িয়ে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্কের লেভেল ১ থেকে ৪ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপথ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং বিভিন্ন ভোকেশনাল সার্টিফিকেট কোর্স।
ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারীরা এখন মূল কোর্সে ভর্তি হওয়ার আগে সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা অধ্যয়ন করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ।
নিউজিল্যান্ড সরকার জানাচ্ছে যে, অতিরিক্ত এই সময় শিক্ষার্থীদের ভাষার দক্ষতা উন্নত করতে সহায়ক হবে এবং উচ্চশিক্ষার মূল কোর্সের জন্য আরও ভালো প্রস্তুতি নিশ্চিতে সাহায্য করবে। এর আগে থেকেই নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ফান্ডস ট্রান্সফার স্কিম, নির্দিষ্ট শর্তে স্বামী বা স্ত্রী ও সন্তানকে সঙ্গে নেওয়ার সুযোগ এবং সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করার অনুমতি।
তবে নতুন সুবিধাগুলি চালু হলেও আবেদনকারীদেরকে আগের মতোই স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত যাচাই এবং প্রকৃত শিক্ষার্থী হওয়ার প্রমাণসহ পাথওয়ে স্টুডেন্ট ভিসার সব শর্ত পূরণ করতে হবে।
আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন