০১:৫২ এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেছেন, ‘গণভোটের রায় আধাআধি নয়, সরকারকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে হবে।’
শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বটতলী এলাকায় আয়োজিত জুলাই পথযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থনের পর আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে বাংলাদেশে মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্র গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না।’
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর
আখতার হোসেন বলেন, ‘আমরা দুইটা ভোট দিয়েছি। সরকার গঠনের ভোট আর গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।’
এ সময় সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের ১৭ বছরের বিডিআর পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা, ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী আন্দোলনকারীদের হত্যা-নির্যাতনসহ ২০২৪ জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে গণরোষের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মধ্য আধিপত্যবাদ বহাল করতে চায়, তাহলে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে, বর্ষায় ছেড়ে দিয়ে মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনোদিন আমাদের প্রতিবেশী হতে পারে না।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরও বলেন, ‘বিএনপি সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সর্বক্ষেত্রে দলীয় লোকজন দিয়ে লুটপাটের ক্ষেত্র তৈরি করে চলেছে। প্রত্যেক এলাকায় বালু মহল, খাল, বিল, টেন্ডার, হাটবাজার দখলবাজী চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।’
আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস
তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা ছিল আজ নেই, বিএনপি আজ আছে আগামীতে নাও থাকতে পারে। এনসিপি, জামায়াতে ইসলামীও না থাকতে পারে। কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে।’
সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দেশের ১৪০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ। এই দেশে ফ্যাসিবাদি হয়েছিল এখনো ফ্যাসিবাদি হামলা চলছে। এটি অব্যাহত থাকলে আপনাদের সঙ্গে আগামী দিনে আমাদের শক্ত লড়াই হবে ইনশাআল্লাহ!’
তিনি বলেন, ‘বর্তমান তরুণ-তরুণী সবার বুকে আছে ওসমান হাদীর আগামীর স্বপ্ন, সবার বুকে আছে ওসমান হাদির বিশ্বাসের স্বপ্ন। তাই আগামীতে যে লড়াই হবে, সেটি হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে, ১৪০০ ছাত্র-জনতার রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের সুযোগ এসেছে, যারা সংস্কার থেকে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করার।’
জুলাই পথযাত্রার সমাবেশে এনসিপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: যুগ্ম আহবায়ক ড. আতিক রহমান মুজাহিদ এমপি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, ফুলবাড়ী শাখার এনসিপির যুগ্ম আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী শিহাব হোসেন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন