ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়াদ শেষ হলেও মিলছে না টাকা: সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা


মেয়াদ শেষ হলেও মিলছে না টাকা: সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা

গ্রাহকদের মাসিক ডিপিএস (DPS)-এর মেয়াদ শেষ হওয়ার পরেও জমানো টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী এবং জেলা সমন্বয়কারী মো. জসীম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সিরাজগঞ্জ মোকাম বিঞ্জ সদর থানা আমলী আদালতে ভুক্তভোগী গ্রাহক মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার নং হলো সিআর ৯৯৩/২০২৬ (সিরাজগঞ্জ)। বিঞ্জ সদর থানা আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেছেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম সংগ্রহ করত। সাধারণ গ্রাহকরা কেউ ৫ বছর, আবার কেউ ১০ বছর ও কেউ ১৫ বছর মেয়াদে কষ্টার্জিত টাকা জমা দিয়ে নিয়মিত রশিদ সংগ্রহ করেছেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

তবে বিপত্তিটি ঘটে মেয়াদ শেষ হওয়ার পর। ডিপিএস-এর মেয়াদ পূর্ণ হওয়ার পর পাওনা টাকা ফেরত নিতে যখন গ্রাহকরা কোম্পানির সিরাজগঞ্জ অফিসে যোগাযোগ করেন তখন টনক নড়ে তাদের। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টাকা প্রদানে নানা তালবাহানা ও কালক্ষেপণ শুরু করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শত শত ভুক্তভোগী গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাওয়ার আশায় দিনের পর দিন অফিসে ঘুরলেও কোন সুরাহা পাচ্ছেন না। তাদের অভিযোগ, টাকা রিফান্ড পাওয়ার দাবিতে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরে জুতার তলা ক্ষয় করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শুধুই আশ্বাস মিলছে; কিন্তু কোনো টাকা পাওয়া যাচ্ছে না। অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় জমানো টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

এই বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. শওকত আলী সেলিম বলেন, "আমার মক্কেল প্রতি বছর ৫০৮৯৫/টাকা ১৫ বছর মেয়াদে বীমা চালু করেন। যার পলিসি বীমা নাম্বার ০২০৬০০৪৭৪২-৮। উক্ত বীমাটির মেয়াদ শেষ হয় ০৮/১২/২০২৪ ইং তারিখে। বীমার টাকার পরিমাণ ১৫ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা। আমার মক্কেলকে টাকা না দিলে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। লিগ্যাল নোটিশ প্রাপ্ত হয়ে টাকা পরিশোধের কথা উল্লেখ করেছেন। কিন্তু আসামী অদ্যাবধি পর্যন্ত টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।"

"সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎ এবং নিরাপত্তার কথা চিন্তা করে কষ্টার্জিত টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমানত হিসেবে রেখেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে চরম প্রতারণা ও অর্থ আত্মসাতের আশ্রয় নিয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং পাওনা টাকা আদায়ের লক্ষ্যেই সিরাজগঞ্জ আমলী আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আশা করি, আদালতের মাধ্যমে ভুক্তভোগীরা খুব দ্রুতই ন্যায়বিচার পাবেন।"

আরও পড়ুন: কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

টাকা ফেরত না পেয়ে সিরাজগঞ্জের শত শত গ্রাহকের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দল বদলাতে বদলাতে ‘১২ ভাতারি’ তকমা! বন্ধুদের খোঁচায় অতিষ্ঠ ব্রাজিল সমর্থক সিক্ত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


দল বদলাতে বদলাতে ‘১২ ভাতারি’ তকমা! বন্ধুদের খোঁচায় অতিষ্ঠ ব্রাজিল সমর্থক সিক্ত

ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দল বদলানো নিয়ে বন্ধুরা হাস্যরসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ব্রাজিল সমর্থক সিক্ত।

বারবার ভিন্ন দলকে সমর্থন করায় বন্ধুরা তাকে মজা করে "১২ ভাতারি" বলে ডাকছেন।

সিক্তের দাবি, এসব ঠাট্টা-তামাশার কারণে তিনি নাকি ঠিকমতো বাড়ি থেকেও বের হতে পারেন না। তিনি বলেন, "কেউ কেউ তো আবার বলে আমি নাকি বাবা পাল্টাই!"

তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে সিক্ত বলেন, তিনি মূলত ব্রাজিলের সমর্থক ছিলেন। ব্রাজিল বিদায় নেওয়ার পর তিনি আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলেছে, সেই দলকেই সমর্থন করেছেন।

বন্ধুদের ভাষ্য অনুযায়ী, ব্রাজিল বিদায়ের পর সিক্ত একের পর এক নেদারল্যান্ডস, ফ্রান্স, ক্রোয়েশিয়া, কলম্বিয়া, উরুগুয়ে, চিলি, ইকুয়েডর, ব্রাজিলের প্রতিপক্ষ বিভিন্ন দল এবং সর্বশেষ স্পেনকে সমর্থন করেছেন—শুধু আর্জেন্টিনার বিপক্ষে থাকার জন্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও বিষয়টি নিয়ে হাস্যরস করেন সিক্ত। তিনি লেখেন—"কালকে থেকে আমার মোবাইলে কিছু কিছু মানুষের ফোন বা মেসেজ আসে না। আবার আমি ফোন বা মেসেজ দিলে ধরে না বা সিনও করে না। মনে হয় মোবাইলেই সমস্যা! অভিজ্ঞদের পরামর্শ চাই।"

একই পোস্টে তিনি আরও লেখেন—"আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ কান্নাকাটি করবেন না। খেলায় হার-জিত থাকবেই। সবশেষে বিজয়ী দল স্পেনকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।"

সিক্তের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ মজা করে তাকে "বিশ্ব ফুটবলের ভ্রাম্যমাণ সমর্থক", আবার কেউ "১২ ভাতারি সাপোর্টার" বলেও মন্তব্য করছেন। তবে পুরো বিষয়টি বন্ধুদের মধ্যে হাসি-ঠাট্টার অংশ বলেই জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে প্রেমিকা ইনেসের আবেগঘন বার্তা

বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ইনেস গার্সিয়া সান্তোস, প্রেমিক লামিনে ইয়ামালকে একটি আবেগঘন বার্তা পাঠিয়েছেন। স্পেনের ঐতিহাসিক জয়টির কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ামালকে অভিনন্দন জানিয়ে এই বার্তা দেন ইনেস।

দ্য টাইমস অব ইন্ডিয়ার সোমবার (২০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনেস লেখেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’

ইনেসের এই বার্তা প্রকাশ্যে আসার পর ইয়ামাল নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন। তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা।’

স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা গোলে জয় নিশ্চিত করে দলটি। এই ঐতিহাসিক জয়ের পরই ইনেসের আবেগঘন বার্তা ভক্তদের নজর কাড়ে।

পোস্টটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্তরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ ইনেসকে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ বলে উল্লেখ করেছেন। অনেকেই এই জুটিকে ‘বছরের সেরা জুটি’ হিসাবে প্রশংসায় ভাসিয়েছেন।

ইনেস এবং ইয়ামালের সম্পর্কের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে বলে জানা যায়। ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস আগে জানিয়েছিলেন, তাদের সম্পর্কের পেছনে সিনেমার মতো কোনো গল্প নেই।

২০২৬ সালে এই জুটি নিজেদের সম্পর্কটা প্রকাশ্যে নিয়ে আসেন।

ড

বিশ্বকাপ জয়ের পর মাঠে ইয়ামালকে তার ভাই কেইনের সঙ্গেও আনন্দ করতে দেখা যায়। ব্যক্তিগত আনন্দ এবং দেশের ঐতিহাসিক সাফল্য—এই দুটি মিলিয়ে ইয়ামালের জন্য রাতটি বিশেষ হয়ে উঠেছে।

এদিকে, ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ—দুটি শিরোপা জেতার সুবাদে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো শিরোপা জিতেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

কয়েক মাস আগে প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে এবার তার সেই সিদ্ধান্ত বদলেছে এবং তিনি আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন। তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। গানটির সুর দিয়েছেন আমাল মালিক এবং এর কথা লিখেছেন রশ্মি-বিরাগ। এটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন যে, প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে। ইমরান হাশমি অভিনীত চরিত্র ‘শিবাম পাণ্ডিত’-এর অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিৎ সিং-এর কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।

অরিজিৎ সিং এবং বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। তাদের প্রথম কাজ ছিল ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান। এরপর তারা ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। তাঁর পাশাপাশি রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর এবং প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং জানিয়েছিলেন যে, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে তিনি আবারও ফিরছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থল থেকে নিহতের একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্ধারিত ফুটওভার ব্রিজ ও ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%