১০:৩৮ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। তার মতে, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটে, তবে জনগণ আবারও রাজপথে প্রতিবাদ জানাতে নামবে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে হাসনাত এসব কথা বলেন। তিনি বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র কাঠামোর সংস্কারের তুলনা করেন এবং জানান, জনগণের একটি বড় অংশ এ ধরনের সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছে।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচনের পর সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে। অতীতের নির্বাচনে ভোট চুরি এবং জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এনসিপির দাবি শুধু সরকার পরিবর্তন নয় বরং রাষ্ট্রব্যবস্থার সম্পূর্ণ সংস্কার।
আরও পড়ুন: ‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’
পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। স্বাধীন গণমাধ্যম কমিশন এবং সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের সমালোচনা করেন এই নেতা।
এনসিপির এই সংসদ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে বলেন, বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় আরও নাজুক। থানায় হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তিনি দাবী করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়নি বরং দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে। পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলেও তিনি সতর্ক করেন।
হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়। সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি ৫ আগস্টের পর হাতবদল হয়েছে; কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি।
আরও পড়ুন: আইজিপি: দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ
সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।
এ সময় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম। এছাড়া দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন