০২:৫৭ পি.এম
গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া, জেলা পরিষদ, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান গ্রহণ করেন।
যুবদলের নেতাকর্মীরা জানান, সকাল ৮টা থেকেই তারা বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কোনো কুচক্রী মহল যাতে উসকে দিয়ে সহিংসতা বা নৈরাজ্যের দিকে রূপ দিতে না পারে, সেই উদ্দেশ্যে তারা মাঠে রয়েছেন।
আরও পড়ুন: সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পঞ্চবটি ও মাসদাইর এলাকায় জেলা যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া জেলা পরিষদের সামনের সড়ক, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায়ও তাদের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের যে দাবি রয়েছে, সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রমিকদের আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা যুবদলের নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমরা মাঠে অবস্থান নিয়েছি। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন