বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২০ এম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধির সংখ্যা বেড়ে আটজনে পৌঁছানোর ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। এই উপলক্ষে তিনি মিশিগানে নতুন নির্বাচিত আবদুল আল-সাইয়েদকে অভিনন্দন জানান।
বুধবার ফেসবুকে একটি পোস্টে ইলহান ওমর আবদুল আল-সাইয়েদকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ’কে ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করেছেন তিনি। কংগ্রেসে এখন আটজন মুসলিম দায়িত্ব পালন করবেন—এটি ভেবে তিনি গভীর কৃতজ্ঞতা অনুভব করছেন বলেও উল্লেখ করেন।
ইলহান ওমর আরও লেখেন, তাদের বলা হয়েছিল, তারা নিজেদের কথা তুলে ধরতে পারবেন না, প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবেন না কিংবা এত দূর এগিয়ে যেতে পারবেন না। কিন্তু তারা তা করে দেখিয়েছেন।
পোস্টের শেষে তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ইলহান ওমর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন মুসলিম সদস্য। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৪ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৫১৫ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, গত ৩ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৩০ দশমিক ৭০ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫৬২ দশমিক ৭৩ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভের হিসাব আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে। গতকাল বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এই অভিযানটি সম্পন্ন হয়।
অভিযানের সময় খাদ্যগুদামের নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। সেখানে দেখা যায়, দেড় বছর আগে মারা যাওয়া ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে ১০৭ বস্তা বা ৩ দশমিক ২১০ টন চাল উত্তোলনের তথ্য রয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্যগুদামে অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানের সময় সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণের নথিপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কিছু নথিপত্রে অসংগতি ধরা পড়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানিয়েছেন, তদন্তের সময় নথিপত্রে গুরুতর অসংগতি পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত অব্যাহত থাকবে।
দুদক সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ-সংক্রান্ত নথি যাচাই করার সময় মৃত সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে গত ১৩ অক্টোবর ১০৭ বস্তা (৩.২১০ টন) চাল গ্রহণের ভুয়া তথ্য কর্মকর্তারা দেখতে পান। অথচ তিনি দেড় বছরেরও বেশি সময় আগে মারা গেছেন। মৃত ব্যক্তির নামে কীভাবে চাল উত্তোলন দেখানো হলো, কারা এর পেছনে জড়িত এবং ওই চাল কোথায় নেওয়া হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
এর আগে, দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে গত মঙ্গলবার দৈনিক সমকালে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর ওই দিনই এক আদেশে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান সেলিম রেজাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দলের সিনেটর ক্রিস ভ্যান হলেন। তিনি একই সঙ্গে এই যুদ্ধে অর্থায়ন বন্ধের জন্য সরকারি তহবিল কমানোর দাবি তুলেছেন।
ভ্যান হলেন ‘দ্য লেভার’ পডকাস্টে বলেন, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ বরাদ্দের কোনো উদ্যোগ ডেমোক্র্যাটদের সমর্থন করা উচিত হবে না। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি তহবিলের মেয়াদ ওই দিন শেষ হওয়ার কথা।
তিনি আরও বলেন, ‘এটি একটি অবৈধ যুদ্ধ। করদাতাদের অর্থ যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে হবে।’
এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সিনেটের ডেমোক্র্যাট নেতা হিসেবে চাক শুমারকে পুনরায় সমর্থন দেওয়ার বিষয়ে ভ্যান হলেন এখনও সম্মতি জানাননি।
শুমারকে ওই পদে পুনর্বহালের আগে দলের ‘উচ্চাভিলাষী কর্মসূচি’ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায়ের দাবি জানিয়েছেন তিনি।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের বিরোধের কারণে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে সংঘর্ষটি ঘটে।
স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূইয়ার অনুসারী নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া একসাথে নবগঠিত পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন।
অন্যদিকে, বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী ছাত্রদলের অপর অংশের নেতা মো. হোসেন, শহিদুল খাঁ ও জুয়েলের নেতৃত্বে একটি গ্রুপ অবৈধ কমিটি উল্লেখ করে প্রতিবাদ মিছিল বের করে। এক পর্যায়ে যখন দুটি মিছিলই স্বাধীনতা চত্বরের সামনে এসে পৌঁছায়, তখন উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ ছাত্রদল নেতা আহত হন। আহতদের মধ্যে মো. হোসেন, শহিদুল খাঁ, জুয়েল, রাব্বি, ও রাশেদুল ইসলাম অন্তর্ভুক্ত। তাদের প্রত্যেককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী মন্তব্য করেন, "আমরা সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি নবগঠিত কমিটির আনন্দ মিছিলে পদ বঞ্চিত ছাত্রদল নেতারা ছাত্রলীগের সহায়তায় হামলা করেছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রসঙ্গত, গত পহেলা নভেম্বর সিরাজুল হক ইমুকে কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে কসবা উপজেলা শাখা ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সাথে এনামুল হক আপেলকে পৌর ছাত্রদলের সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী। তাদেরকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ