বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০২ এম
মানুষ যখন আলোর পথে হাঁটে, সভ্যতার সমৃদ্ধি ঘটে এবং মানবতার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। অপরদিকে, যখন মানুষ পাপের অন্ধকারে নিমজ্জিত হয়, তখন ধ্বংস, বিপর্যয় ও মানবতার অবক্ষয় দেখা দেয়। সুতরাং, বলা যায় যে, মানুষের প্রকৃত মুক্তি গুনাহ থেকে বাঁচার মধ্যে নিহিত, এবং আল্লাহর আনুগত্যে নিজেকে গড়ে তোলার মাধ্যমে। গুনাহমুক্ত জীবন লাভের জন্য ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো,
১. তাওবা পাপমুক্তির প্রথম দরজা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদমসন্তানরা সবাই ভুল করে, আর উত্তম ভুলকারী তারা, যারা তাওবা করে।’ (তিরমিজি, হাদিস : ২৪৯৯)
তাওবা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি মহামূল্যবান উপহার। এটি কেবল আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে না, বরং মানুষের ভেতরে নতুন উদ্যম ও আত্মবিশ্বাসের সঞ্চার করে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অপরাধ স্বীকার এবং পরিবর্তনের প্রতিজ্ঞা মানসিক চাপ কমায়, অপরাধবোধ হ্রাস করে এবং আত্মার মধ্যে নতুন আলো জ্বালায়।
২. নামাজ যা গুনাহ থেকে রক্ষার ঢাল : মহান আল্লাহ তাআলা বলেন; ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা মানুষের জীবনে আল্লাহর উপস্থিতি ও স্মরণকে নতুনভাবে জাগ্রত করে। প্রতিটি সিজদা বিনয়ের প্রশিক্ষণ, এবং প্রতিটি তাকবির গুনাহ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা।
৩. সৎসঙ্গ গ্রহণ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
সমাজবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, মানুষের আচরণ ও অভ্যাস তার পরিবেশ দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই গুনাহমুক্ত জীবন গড়তে চাইলে সৎসঙ্গ ও নেক পরিবেশ তৈরি করা অপরিহার্য।
৪. বেশি বেশি কোরআন তিলাওয়াত : মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকনির্দেশ করে, যা সর্বাধিক সঠিক।’ (সুরা : ইসরা, আয়াত : ৯)
কোরআন আলোর উৎস। এর প্রতিটি আয়াত অন্তরকে ধৌত করে এবং চরিত্রকে পরিশুদ্ধ করে। মনীষীদের মতে, যে হৃদয় কোরআনের তেলাওয়াত থেকে দূরে থাকে, তা শুকনো জমির মতো; আর যে হৃদয়ে কোরআন প্রবাহিত হয়, তা বসন্তের বাগানের মতো সজীব হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কোরআন পাঠ মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এবং আত্মাকে ইতিবাচক শক্তি জোগায়।
৫. নফল ইবাদত ও সুন্নাহ পালন : রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান আল্লাহ বলেছেন ‘আমার বান্দা নফল আমল দ্বারা ক্রমাগত আমার নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি।’ (বুখারি, হাদিস : ৬৫০২)
নফল নামাজ, রোজা, দান, রাতের তাহাজ্জুদ; এসব ছোট ছোট আমল বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। বিজ্ঞানও বলছে, সৎকাজের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা সুখ, প্রশান্তি এবং ইতিবাচক শক্তি জাগায়।
৬. আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা : হাসান আল-বসরি (রহ.) বলেছেন, ‘তুমি নিজের হিসাব নাও মৃত্যুর আগে; কারণ কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে।’ প্রতিদিনের শেষে কিছু সময় নিজের ভুলত্রুটি পর্যালোচনা করলে মানুষ দ্রুত সংশোধন হতে পারে। মনোবিজ্ঞানে একে self-reflection বলা হয়। এটি মানুষকে উন্নতির পথে ঠেলে দেয় এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনায় সাহায্য করে।
গুনাহমুক্ত জীবন একটি কাল্পনিক স্বপ্ন নয়, বরং সচেতন প্রচেষ্টা ও আল্লাহর সাহায্যের মাধ্যমে এটি সম্ভব। তাওবা, নামাজ, কোরআন তিলাওয়াত, সৎসঙ্গ, নফল আমল, আত্মপর্যালোচনা ও সুস্থ জীবনধারা—এই কৌশলগুলো যদি জীবনের অঙ্গ হয়ে যায়, তবে মানুষ পাপের অন্ধকার থেকে মুক্তি পেয়ে তাকওয়ার আলোয় আলোকিত হবে।
সর্বোপরি, গুনাহমুক্ত জীবনের সহজ কৌশল হলো আল্লাহর স্মরণ, তাঁর আনুগত্য ও আত্মসংযমের অনুশীলন। এই পথেই নিহিত রয়েছে মানবতার মুক্তি, সমাজের শান্তি এবং পরকালের অনন্ত সাফল্য।
মাহন আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানিয়েছেন, বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা সঠিক নয়।
তিনি বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। কিছু গণমাধ্যমও এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে, যা সঠিক নয় এবং ভিত্তিহীন।
তিনি আরও বলেন, বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলার পর তিনি নিশ্চিত হয়েছেন যে, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তুপের আগুন থেকে বিএনপির কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে যে, বিএনপি কার্যালয়ে আগুন দেয়া হয়েছে, এবং কিছু গণমাধ্যমও এই অপপ্রচারে গা ভাসিয়েছে। বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেয়ার খবরটি সঠিক নয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে বগুড়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, গত ৩ সপ্তাহে অপপ্রচারকারীরা আরও ৪টি গুজব ছড়িয়েছে। কিছুদিন আগে সাত মাথায় বিএনপির একটি মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের মিছিল হিসেবে চালানো হয়েছে, এবং কাহালুতে বিটিভির লোকাল অফিসের সামনে হিন্দু সম্প্রদায়ের সূর্য পূজা উপলক্ষে পটকা ফুটানোকে ককটেল বিস্ফোরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব তথ্য আসলে ভুয়া ও গুজব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার দাকোপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সাতটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান এবং ওষুধের দোকান। এছাড়া, আগুনের কারণে আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছানোর পর নদী পারাপারের জন্য অপেক্ষা করতে হয়। চরে ফেরি আটকে যাওয়ার কারণে ঘাটে ফেরি আসতে পারেনি। ফলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, দাকোপ স্টেশন থেকে দুটি গাড়ি পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছায়। সেখানে ফেরির জন্য অপেক্ষা করলেও চরে ফেরি আটকে যাওয়ায় নদী পার হওয়া সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে গাড়িগুলো ফিরে যায়।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে যে, মহানবী (সা.)-কে যখনই দুটি বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হতো, তখন তিনি সহজটিকে গ্রহণ করতেন, যদি সেটি গুনাহ না হতো। গুনাহ থেকে তিনি সর্বদা দূরে থাকতেন। নবী (সা.) কখনোই নিজের জন্য প্রতিশোধ নেননি। তবে আল্লাহর সীমারেখা লঙ্ঘিত হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি প্রতিশোধ নিতেন। (সহিহ বুখারি, হাদিস : ৩৫৬০)
শিক্ষা ও বিধান
১. ইসলামে অযথা কঠোরতা ও জটিলতার স্থান নেই। বৈধ দুটি বিষয়ের মধ্যে সুযোগ থাকলে সহজটি গ্রহণ করা উত্তম।
২. যখন কেউ নিজের প্রতি অন্যায় করে, তখন প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ক্ষমা ও উদারতার পরিচয় দেওয়া মহৎ চরিত্রের লক্ষণ।
৩. ব্যক্তিগত ক্রোধ, অহংকার কিংবা আত্মমর্যাদার অজুহাতে অন্যের ওপর প্রতিশোধ নেওয়া বৈধ নয়।
৪. ব্যক্তিগত বিষয়ে ক্ষমা ও উদারতা দেখাতে হবে। তবে আল্লাহর বিধান ও সীমারেখা লঙ্ঘিত হলে তা উপেক্ষা করা যাবে না।
৫. ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, আবেগ ও স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় উপস্থিত হন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় অংশ নিতে বের হচ্ছিলেন।
এসআই জানালেন, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ার কারণে আদালত পরোয়ানা জারি করেছে। সেই পরোয়ানা তামিল করতে তিনি মাহমুদুর রহমানের বাসায় এসেছেন।
পরে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় ২০১৮ সালের ১১ এপ্রিল দায়ের করা হয়। বাদী ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় আরো দুজন আসামি রয়েছেনÑবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ, যিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি হলেন বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০, ৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।
মজার ব্যাপার হলো, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটি উল্লেখ করেছে। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়েছে। ওয়ারেন্ট নম্বরÑআর-১৬/২৬, যা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি হয়েছে।
বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলায় বশংবদ আদালতের মাধ্যমে রায়ও হয়। সাজাও খাটতে হয়েছে মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনার পুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।
জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ