বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৬ এম
এশিয়ান ফুটবলে রেফারিং নিয়ে একটি অস্বাভাবিক বিতর্ক সৃষ্টি হয়েছে। আল জাজিরা ও গোল গোহরের মধ্যে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ম্যাচে সিরীয় রেফারি হান্না হাত্তাবের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মাঠে নামার অভিযোগ উঠেছে। ঘটনার পর বিরতির সময় তাঁকে সরিয়ে চতুর্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে রেফারির মদ্যপানের অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদনের পাশাপাশি ভারজেশ৩-কে দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, বুধবার আল জাজিরা ও গোল গোহরের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৩২ মিনিটে আল জাজিরার এক ডিফেন্ডারের ফাউলের পর অদ্ভুতভাবে গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে হলুদ কার্ড দেখান হাত্তাব। কিন্তু ওই ঘটনায় গোলরক্ষকের কোনো ভূমিকা ছিল না।
পরে সহকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। এ সময় খেলা প্রায় চার মিনিট ধরে বন্ধ ছিল। বিরতির সময় গোল গোহরের কর্মকর্তারা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে রেফারির আচরণ নিয়ে অভিযোগ জানান। তাঁদের দাবি ছিল, রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে দ্বিতীয়ার্ধে মাঠে না ফেরার হুমকিও দেয় ইরানের ক্লাবটি।
গোল গোহরের এক কর্মকর্তা ইরানি সংবাদমাধ্যম ভারজেশ৩-কে জানান, রেফারি মদ্যপান করেছিলেন বলে তাঁদের সন্দেহ হয়। এ নিয়ে এএফসিকে অবহিত করার পর রেফারি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে চতুর্থ কর্মকর্তা মূল রেফারির দায়িত্ব পালন করেন। এরপর মাঠে ফিরে খেলা চালিয়ে যায় দুই দল।
ম্যাচে আল জাজিরা ১-০ গোলে জয়লাভ করেছে। তবে রেফারির বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগের বিষয়ে এএফসির আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ফলে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার অপেক্ষা রইল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেভিওয়েট বক্সিংয়ে নতুন বছরের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের অপেক্ষা রয়েছে। আগামী ৩০ জানুয়ারি ম্যানচেস্টারের কো-অপ লাইভ অ্যারেনায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জোসেফ পার্কারের বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন ড্যানিয়েল ডুবোয়া। এই লড়াইয়ে ব্রিটিশ বক্সার ডুবোয়া তার ডব্লিউবিও হেভিওয়েট বিশ্ব শিরোপা রক্ষা করবেন।
এর আগে ২০২৫ সালে আইবিএফ শিরোপার লড়াইয়ে এই দুই বক্সারের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে লড়াইয়ের মাত্র তিন দিন আগে অসুস্থ হয়ে পড়ায় ডুবোয়া সরে দাঁড়ান। তাই দীর্ঘ প্রতীক্ষার পর এবার তারা রিংয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন।
ডুবোয়ার পরিবর্তে স্বল্প সময়ের নোটিশে লড়াইয়ে অংশগ্রহণ করেন মার্টিন বাকোলেকে নকআউট করেন পার্কার। কিন্তু পরবর্তী সময়ে ফ্যাবিও ওয়ার্ডলির বিপক্ষে ডব্লিউবিও ইন্টারিম শিরোপার লড়াইয়ে পরাজিত হন নিউজিল্যান্ডের এই বক্সার।
২০২৫ সালের অক্টোবরে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার কারণে পার্কারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত আগস্টে তিনি আবারও ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এবার ডুবোয়ার বিপক্ষে লড়াইয়ের মাধ্যমে বিশ্ব শিরোপা পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন তিনি।
অন্যদিকে, গত বছর ওলেক্সান্দর উসিকের কাছে আইবিএফ শিরোপা হারিয়েছিলেন ডুবোয়া। তবে ফ্যাবিও ওয়ার্ডলিকে দুইবার পরাজিত করে আবারও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। ওয়ার্ডলিকে হারিয়ে পূর্ণাঙ্গ ডব্লিওবিও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতেন এবং পরবর্তী লড়াইয়ে শিরোপা ধরে রাখেন।
পার্কারেরও বিশ্বমঞ্চে সাফল্যের অভিজ্ঞতা রয়েছে। তিনি পূর্বে ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। ২০১৮ সালে অ্যান্থনি জশুয়ার কাছে প্রিন্সিপালিটি স্টেডিয়ামে শিরোপা হারান। জশুয়ার পেশাদার ক্যারিয়ারে প্রথম প্রতিপক্ষ হিসেবে পুরো ১২ রাউন্ড টিকে থাকার কৃতিত্বও রয়েছে পার্কারের।
লড়াইটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডুবোয়ার প্রমোটার ফ্রাঙ্ক ওয়ারেন। তিনি মনে করেন, ২০২৭ সালের শুরুতে এই হেভিওয়েট লড়াই বক্সিংপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠবে।
ওয়ারেন মন্তব্য করেন, ডুবোয়া বর্তমানে ক্যারিয়ারের সেরা সময়ের দিকে এগোচ্ছেন এবং নিজের সেরা ছন্দে থাকলে তাঁকে হারানো কঠিন। অন্যদিকে, পার্কার দীর্ঘদিন ধরেই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এবার সেই সুযোগ তাঁর সামনে রয়েছে।
এদিকে, আগামী বছর টাইসন ফিউরির বিপক্ষে লড়াইয়ের আগ্রহও প্রকাশ করেছেন ডুবোয়া। পার্কারকে হারাতে পারলে সেই সম্ভাব্য লড়াইয়ের পথও আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সাদিক কায়েম ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত আমিরের উদ্যোগে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সম্মানিত করা হবে।
অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ডাকসু ভিপি উল্লেখ করেন, এর মাধ্যমে দেশের পাঁচটি ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধিদের এক মিলনমেলা তৈরি হবে।
তিনি আরও জানান, ছাত্র সংসদে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্বের দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেছেন। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাদিক কায়েম বলেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমিরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
তিনি মনে করেন, তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এ আয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্রধান ফটকের ঠিক বিপরীতে অবস্থান করছে ঐতিহ্যবাহী হাতিটি। একসময় এটি ছিল দর্শকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে মানুষ গাড়ি থামিয়ে ছবি তুলত এবং সন্তানদের দেখিয়ে বলত, "ওই দেখ হাতি।" কিন্তু আজ সেই হাতি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কেউ তার খোঁজ নেয় না এবং কেউ তার গায়ে হাত বুলায় না। দীর্ঘদিনের অবহেলা, অযত্ন এবং রক্ষণাবেক্ষণের অভাবে সফিপুরের ঐতিহ্যবাহী হাতির ভাস্কর্যটি এখন পরিত্যক্ত, জরাজীর্ণ এবং মৃত্যুশয্যায় অবস্থান করছে।
গাজীপুরের সফিপুর এলাকা প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির জন্য সারা দেশে পরিচিত। তবে সফিপুরের মানুষের কাছে এটি পরিচিত ছিল আরও একটি কারণে- একাডেমির ফটকের বিপরীতে দাঁড়িয়ে থাকা এই হাতির জন্য।
দীর্ঘকাল ধরে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং একাডেমিতে আগত দর্শনার্থীদের কাছে এটি ছিল একটি পরিচিত ল্যান্ডমার্ক, আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেউ বলত, "হাতির সামনে নামিয়ে দিয়েন।" আবার কেউ বলত, "হাতির মোড়ে আসেন।" ভাওয়াল গড় ও গাজীপুরের বনাঞ্চলের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এই হাতি এলাকার নান্দনিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বনের হাতি আজ বনে নেই, কিন্তু ইট-সিমেন্টের এই হাতিটাই ছিল বনের স্মৃতি ধরে রাখার শেষ চিহ্ন।
সরেজমিনে বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘুরে দেখা যায়, ভাস্কর্যটির অবস্থান অত্যন্ত নাজুক ও হৃদয়বিদারক।
শুঁড় ভাঙা: যে শুঁড় একসময় গর্বের সঙ্গে উঁচু ছিল, সেই শুঁড়ের পলেস্তারা খসে পড়ে ভেতরের রড ও ইটের কাঠামো বেরিয়ে এসেছে। মনে হচ্ছে, কেউ যেন তার শুঁড়টা মুচড়ে ভেঙে দিয়েছে।
কান খসে পড়ছে: কান অংশের পলেস্তারা উঠে গিয়ে ভেতরের কঙ্কাল বেরিয়ে এসেছে।
গায়ে শ্যাওলা, কালচে দাগ: দীর্ঘদিন রং না করায় এবং রোদ-বৃষ্টিতে ভিজে ভাস্কর্যটির গা বিবর্ণ হয়ে গেছে। সাদা হাতিটি এখন কালচে, মলিন, অসুস্থ মানুষের মতো দেখায়।
ভাস্কর্যটির চারপাশ আগাছা, লতাপাতা এবং শুকনো আবর্জনায় ঢেকে গেছে, ফলে এর নিচের অংশ প্রায় দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, হাতিটিকে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঠিক পাশেই বৈদ্যুতিক খুঁটি ও তারের জঞ্জাল এবং পোস্টার লাগানোর কারণে ভাস্কর্যটির নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেন হাতির গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।
দাঁড়িয়ে থাকা হাতিটিকে দেখলে মনে হয়, সে বলছে, "আমাকে বাঁচাও, আমাকে একটু পরিষ্কার করো, আমাকে একটু রং করো।" কিন্তু তার কথা শোনার কেউ নেই।
সফিপুরের একজন বয়স্ক বাসিন্দা দুঃখ করে বলেন, "এই হাতিডা দেখেই আমরা বড় হইছি। পোলাপানরে নিয়্যা আইসা দেখাইতাম। এখন পোলাপান জিগায়-বাবা, হাতিডার এই অবস্থা কেন? আমরা জবাব দিতে পারি না। লজ্জা লাগে।"
এক পথচারী বলেন, "প্রতিদিন এই রাস্তা দিয়া যাই। প্রতিদিন দেখি হাতিডা একটু একটু কইরা শেষ হইয়া যাইতেছে। কেউ দেখে না। এটা কি আমাদের ঐতিহ্য না? এটা কি আমাদের লজ্জা না?"
একাডেমিতে আসা একজন দর্শনার্থী জানান, "প্রথমবার আইসা হাতি দেইখা ভালো লাগছিল। কিন্তু কাছে গিয়া দেখি শুঁড় ভাঙা, গায়ে শ্যাওলা। মনডা খারাপ হইয়া গেল। এত সুন্দর একটা জিনিস এভাবে নষ্ট হইয়া যাইব?"
স্থানীয় সচেতন মহল বলছেন, আর দেরি করলে এই হাতিকে আর বাঁচানো যাবে না। এখনই উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, ভাস্কর্যটির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করে নিচে একটি সুন্দর পাকা বেদি বা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। হাতিটাকে যেন আগাছার জঙ্গল থেকে তুলে সম্মানের জায়গায় বসানো হয়।
বেদির চারপাশে ছোট ফুলের বাগান তৈরি করতে হবে, যাতে হাতির চারপাশে ফুল ফোটে, মানুষ এসে বসে এবং ছবি তোলে।
দর্শনার্থীদের হাত থেকে রক্ষা করতে চারদিকে নান্দনিক লোহার রেলিং বা গ্রিল দিয়ে ঘিরে দেওয়া যেতে পারে, যাতে কেউ আর তার গায়ে হাত দিয়ে ভাঙতে না পারে।
ভাস্কর্যটি কবে, কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, তা উল্লেখ করে সামনে একটি স্থায়ী তথ্যফলক (নেমপ্লেট) স্থাপন করলে নতুন প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। নইলে একদিন নতুন প্রজন্ম জানবেই না, এখানে একটা হাতি ছিল।
একাডেমির পরিচালক (প্রশাসন) সাজেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, "আমি নতুন এসেছি। এ বিষয়ে আমি সবে মাত্র অবগত হলাম। বিষয়টি নিয়ে আমি দেখব, যাতে ভাস্কর্যটি আবারও সৌন্দর্য ফিরে পায়।"
স্থানীয়রা এই কথায় কিছুটা আশা দেখছেন। তারা চান, এই আশ্বাস যেন শুধু কথায় না থাকে, কাজে পরিণত হয়।
অবহেলায় হারিয়ে যাচ্ছে সফিপুরের ঐতিহ্য। যে হাতি একসময় সফিপুরের পরিচয় বহন করত, সেই হাতি আজ আগাছায় ঢাকা, শুঁড় ভাঙা, রংচটা। সে এখনো দাঁড়িয়ে আছে। এখনো বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। আমরা যদি এখনই এগিয়ে না আসি, তাহলে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব- সফিপুরের হাতি আর নেই। শুধু পড়ে আছে ভাঙা ইট আর রডের স্তূপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের দামে প্রভাব ফেলেছে তেজাবি স্বর্ণের মূল্যের পরিবর্তন। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। ফলে মূল্যবান ধাতুটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
নতুন এ দাম কার্যকর হয়েছে বুধবার (২৫ নভেম্বর) থেকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে সমন্বিত এই দামে বিক্রি হবে স্বর্ণ।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করেছিল। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ