বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৯ এম
পবিত্র কোরআনে ‘উম্মাহ’ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তবে একটি আয়াতে ইবরাহিম (আ.)-কে ‘উম্মাহ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ইবরাহিম ছিলেন একাই একটি উম্মাহ; তিনি ছিলেন আল্লাহর একান্ত অনুগত।’ (সুরা আন-নাহল, আয়াত : ১২০)
তাফসিরবিদরা ‘উম্মাহ’ শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে দেখা যায়—তিনি এমন একজন কর্মনিষ্ঠ, ধৈর্যশীল ও আদর্শস্থানীয় ব্যক্তি, যিনি সত্যের বিজয় এবং সত্যের দিকে মানুষকে আহ্বান করার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা, শ্রম ও ত্যাগ নিয়োজিত করেছেন।
ইবরাহিম (আ.) : একাই একটি উম্মাহ হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত
ইবরাহিম (আ.) সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন এবং মানুষকে শিরকের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে যান। তখনই তিনি ‘একাই একটি উম্মাহ’ হওয়ার যোগ্যতা অর্জন করেন। তাঁর জীবন ও মৃত্যু ছিল আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের রব আল্লাহর জন্য।’ (সুরা আল-আনআম, আয়াত : ১৬২)
নবুয়তের ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা.)ও ছিলেন একাই একটি উম্মাহ। কারণ পূর্ববর্তী নবীদের যা কিছু আল্লাহ দান করেছিলেন, তাঁকে তার সবকিছুই প্রদান করা হয়েছিল; বরং এর সঙ্গে আরো অতিরিক্ত মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছিল।
শুধু তা-ই নয়, তিনি তাঁর সাহাবিদের এমনভাবে গড়ে তুলেছিলেন, যেন তাঁদের প্রত্যেকেই একেকজন স্বতন্ত্র উম্মাহ হয়ে উঠতে পারেন।
উম্মাহর ইতিহাসে ‘একক ব্যক্তিই একটি উম্মাহ’
‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ এমন হতে হলে যে অবশ্যই উমর ইবনে আবদুল আজিজ (রহ.) হতে হবে, যিনি একটি রাষ্ট্রের গতিপথ সংশোধন করবেন—এমন কোনো কথা নেই।
এমনও নয় যে তাকে সালাহুদ্দিন আইয়ুবি (রহ.) হতে হবে, যিনি পরাজিত ও বিপর্যস্ত একটি উম্মাহকে লাঞ্ছনার গহ্বর থেকে উদ্ধার করবেন।
তাকে আবু হামিদ আল-গাজালি (রহ.) হতে হবে, যিনি ‘ইহইয়াউ উলুমিদ্দিন’ রচনার মাধ্যমে দ্বিনের জ্ঞানচর্চায় নবজাগরণের এক অধ্যায় রচনা করবেন—এমনও নয়।
এমনকি আধ্যাত্মিকতার উপমা-পুরুষ আবদুল কাদির জিলানি (রহ.) হতে হবে, তাও নয়।
বরং এমন ব্যক্তি যেকোনো যুগে, যেকোনো জনপদে থাকতে পারেন। তাঁর জন্য বিখ্যাত হওয়া কিংবা বিশেষ কোনো উপাধির অধিকারী হওয়া শর্ত নয়।
এমনকি সেই ব্যক্তি আপনিও হতে পারেন—আল্লাহ আপনাকে জীবনের যে অবস্থানে স্থাপন করেছেন, সেখান থেকেই! এর জন্য প্রয়োজন ‘পুনর্জাগরণমূলক দায়িত্ববোধ’।
এই দায়িত্বের পরিধি অত্যন্ত বিস্তৃত। এর অন্তর্ভুক্ত হলো—নিজের আত্মার পুনর্জাগরণ, সমাজের পুনর্জাগরণ, মূল্যবোধের পুনর্জাগরণ, নৈতিকতার পুনর্জাগরণ ও দ্বিনের পুনর্জাগরণ।
‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ : পবিত্র কোরআনের একটি অনন্য দৃষ্টান্ত
সুরা আল-কাসাসে এমন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যিনি মুসা (আ.)-কে সতর্ক করার জন্য ছুটে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ‘নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে মুসা! নেতৃস্থানীয় ব্যক্তিরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে।’ (সুরা আল-কাসাস, আয়াত : ২০)
ঘটনার প্রেক্ষাপট ছিল এমন যে ফেরাউনের সম্প্রদায়ের নেতারা মুসা (আ.)-কে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে একত্র হয়েছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি মুসা (আ.)-এর কাছে এসে সংক্ষিপ্ত অথচ অত্যন্ত কার্যকর একটি পরামর্শ দিলেন। তিনি তাঁকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার এবং হিজরত করার পথ দেখালেন, যাতে ফেরাউনের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে নিজের দ্বিন ও জীবন রক্ষা করতে পারেন।
সেই মুহূর্তে এই একজন ব্যক্তি যেন একাই একটি উম্মাহতে পরিণত হয়েছিলেন। কারণ তিনি একাই একজন নবীকে রক্ষা করতে এবং তাঁর দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন।
সুরা ইয়াসিনের আরেকজন ‘একক ব্যক্তি-উম্মাহ’
সুরা ইয়াসিনে আমরা আরো একজন ব্যক্তির সাক্ষাৎ পাই। তিনিও নগরীর দূরপ্রান্ত থেকে ছুটে এসেছিলেন। তবে তাঁর উদ্দেশ্য ছিল নিজের সম্প্রদায়কে রাসুলদের অনুসরণ করার আহ্বান জানানো এবং তাদের সামনে আলোচনার সুযোগ সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলেন, ‘নগরীর দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা রাসুলদের অনুসরণ করো।’ (সুরা ইয়াসিন, আয়াত : ২০)
মুসা (আ.)-এর ঘটনার ওই ব্যক্তি এবং সুরা ইয়াসিনের এই ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল অভিন্ন। তা হলো দ্বিনের দাওয়াতের মর্যাদা রক্ষা করা এবং মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্ব ও নিরাপত্তা সংরক্ষণ করা।
তবে পরিস্থিতি ও ঘটনার ভিন্নতার কারণে তাঁদের বক্তব্য উপস্থাপনের পদ্ধতিতে পার্থক্য ছিল।
সারকথা হলো, ‘একক ব্যক্তিই একটি উম্মাহ’ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি নিজের উম্মাহর দুঃখ-দুর্দশা, উদ্বেগ, আদর্শ ও বৃহত্তর লক্ষ্য নিজের হৃদয়ে ধারণ করেন এবং উম্মাহর পুনর্জাগরণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। তিনিই সেই চিরন্তন কোরআনিক আদর্শ, সংখ্যায় একজন ব্যক্তি হলেও তাঁর অন্তরে ধারণ করেন সমগ্র জনগোষ্ঠীর চেতনা ও প্রাণশক্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে পরামর্শ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য। সম্প্রতি ইকোনমিক টাইমসের ‘বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
শুভেন্দু তৃণমূলের নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে একটি কোম্পানির মতো হয়ে গেছে। তিনি সেখানে কর্মচারী হয়ে থাকতে চাননি বলেই দল ছেড়ে বেরিয়ে এসেছেন।
প্রণব মুখার্জির উপদেশের স্মৃতি মনে করে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর রাইসিনা হিলে দেখা করতে গেলে প্রণবজি তাকে বলেছিলেন, "যদি কর্মচারী হয়ে থাকতে চাও, তবে এখানেই থাকো। আর যদি নিজের যোগ্যতায় সামনে এগোতে চাও, তাহলে মোদিজির সঙ্গে থাকো।" তবে প্রয়াত রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক এড়াতে ওই কথোপকথনের সঠিক সময় উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা প্রণব মুখার্জি ২০২০ সালে মৃত্যুবরণ করেন। একই বছরের ডিসেম্বরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।
গত মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটায় বিজেপি। ৮০ আসনে নেমে আসা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশ থেকে আমদানি করা সরকারি গম মোংলা বন্দরে পৌঁছানোর পূর্বেই অন্য একটি জাহাজে খালাস করে সরিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে। যশোরের অভয়নগরে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ আভিযানিক দল। এ সময় ছয়জনকে আটক করা হলেও, জিজ্ঞাসাবাদ শেষে একজনকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচজন আটক রয়েছে, তবে জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে এ অভিযান পরিচালিত হয়। এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ অভয়নগর যৌথভাবে অভিযানটি সম্পন্ন করে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সমুদ্রপথে বিদেশ থেকে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরের উদ্দেশ্যে আসছিল। বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় অবস্থানকালে একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশের একটি লাইটার জাহাজে খালাস করে। পরে গমবোঝাই লাইটার জাহাজটি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে অবস্থান করে।
এই তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন গম ও লাইটার জাহাজটি জব্দ করে। অভিযানের সময় ছয়জনকে আটক করা হয়, যার মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে জাহাজের মাস্টার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী এসআরবি-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য যাচাই করে এসআরবি-৬ ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা গম ও জাহাজ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের সঙ্গে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে আটক পাঁচজন এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমদানি করা সরকারি গম কীভাবে বিদেশি জাহাজ থেকে অন্য জাহাজে খালাস করা হলো, এর সঙ্গে কারা জড়িত এবং গমের চালানটি কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ