প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার দাকোপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সাতটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান এবং ওষুধের দোকান। এছাড়া, আগুনের কারণে আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছানোর পর নদী পারাপারের জন্য অপেক্ষা করতে হয়। চরে ফেরি আটকে যাওয়ার কারণে ঘাটে ফেরি আসতে পারেনি। ফলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, দাকোপ স্টেশন থেকে দুটি গাড়ি পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছায়। সেখানে ফেরির জন্য অপেক্ষা করলেও চরে ফেরি আটকে যাওয়ায় নদী পার হওয়া সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে গাড়িগুলো ফিরে যায়।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন