১২:৩৫ পি.এম
উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে ইতিহাস গড়তে যাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আর্তান। তিনি প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে এই মর্যাদাপূর্ণ ম্যাচে বাঁশি বাজানোর ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন।
আগামীকাল বুধবার অস্ট্রিয়ার সালজবার্গে মুখোমুখি হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যস্টন ভিলা।
৩৪ বছর বয়সী এই আফ্রিকান রেফারি সম্প্রতি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) বর্ষসেরা পুরুষ রেফারির খেতাব জিতেছেন। ইউরোপের অভিজাত এই মঞ্চে অভিষেককে সামনে রেখে তরুণ ও উদীয়মান রেফারিদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেছেন, ‘স্বপ্ন দেখা কখনো থামাবে না।’ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) সঙ্গে উয়েফার মধ্যকার নতুন দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবেই আর্তানের এই ঐতিহাসিক নিয়োগ নিশ্চিত করেছে উয়েফা।
আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন
ক্যাফ সভাপতি প্যাট্রিস মোতসেপে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ‘এটি ওমর আর্তানের জন্য যেমন পরম সম্মানের, তেমনি সমগ্র আফ্রিকার রেফারিদের জন্যও এটি এক বিশাল বড় গৌরব।’
২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ওমর আর্তানের উত্থানটা ছিল উল্কার মতো। এর আগে ২০২৪ সালের আফ্রিকা কাপ অব নেশনস (অ্যাফকন) এবং ক্যাফ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম সোমালি রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েছিলেন তিনি।
তবে তার এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারে জড়িয়ে আছে চরম ভূ-রাজনৈতিক প্রতিবন্ধকতার গল্পও।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশের ছাড়পত্র পাননি আর্তান। তার বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালি নাগরিকদের ওপর মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তার উপর। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ তাকে দেশে ঢুকতে দেয়নি; এক সরকারি কর্মকর্তা এমনকি একটি ‘সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের’ সাথে তার সম্পৃক্ততার ভিত্তিহীন অভিযোগও তোলেন।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
বিশ্বকাপের মতো স্বপ্নের মঞ্চ হাতছাড়া হওয়ার স্মৃতি মনে করে আর্তান স্বীকার করেন, সময়টা তার জন্য ‘অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক’ ছিল। তবে সেই হতাশা পেছনে ফেলে তিনি এখন ভবিষ্যতের দিকে নজর দিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
