প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬জন বাংলাদেশির পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ভার্চুয়াল প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, মরদেহ দ্রুত শনাক্তকরণ, দেশে মরদেহ আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সৌদি কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ দূতাবাস। শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সৎকার করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আওতায় ১৬ জনের প্রত্যেক পরিবারের জন্য একটি করে এককালীন বিশেষ মানবিক অনুদান প্রদান করা হবে।
এছাড়া, ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ১৬ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃত কর্মীদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এছাড়া, রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার কারণে ১৬ জন বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন