০৩:৪৬ পি.এম
রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইকরামুল ইসলাম শিবুলু, যিনি ‘কিলার শিবুলু’ নামে পরিচিত, তাকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)। এই অভিযানে তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসআরবি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।
আরও পড়ুন: কনস্টেবলের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসপি বাধ্যতামূলক অবসরে
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একইসঙ্গে শিবলুকে গ্রেফতার করে অভিযানিক দলটি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংস্থাটি আরও জানায়, ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত শিবলু, যার বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে। অস্ত্র কারবারে আরও চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মূল হোতাদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন